মাইক্রোসফট কোপাইলটের ত্রুটিতে গোপনীয় ই-মেইলের সারসংক্ষেপ তৈরি
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট কোপাইলট ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের গোপনীয় লেবেলযুক্ত ই-মেইলের সারসংক্ষেপ তৈরি করছিল। মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট সফটওয়্যারে থাকা একটি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে।
ত্রুটির উৎপত্তি ও প্রভাব
সিডব্লিউ ১২২৬৩২৪ নামের এই ত্রুটিটি প্রথম শনাক্ত হয় গত ২১ জানুয়ারি। সমস্যাটি কোপাইলটের ওয়ার্ক ট্যাব চ্যাট–সুবিধায় ছিল, যার ফলে ব্যবহারকারীর অজান্তেই আউটলুকের সেন্ট আইটেমস ও ড্রাফটস ফোল্ডারে সংরক্ষিত ই-মেইলসহ যেগুলোর সঙ্গে গোপনীয়তার লেবেল যুক্ত ছিল, সেগুলোর সারসংক্ষেপ তৈরি করছিল কোপাইলট।
মাইক্রোসফট জানিয়েছে, সংবেদনশীলতার লেবেল প্রয়োগ ও ডিএলপি নীতিমালা সক্রিয় থাকা সত্ত্বেও কিছু ই-মেইল ভুলভাবে কোপাইলট চ্যাটে প্রক্রিয়াকৃত হচ্ছিল। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, একটি কোডজনিত ত্রুটির কারণে সেন্ট আইটেমস ও ড্রাফটস ফোল্ডারের বার্তাগুলো কোপাইলটের বিশ্লেষণ প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছিল।
সমাধান ও নিরাপত্তা নিশ্চিতকরণ
ফেব্রুয়ারির শুরু থেকে ধাপে ধাপে এই সমস্যার সমাধান করা হচ্ছে। মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, ত্রুটির কারণে অননুমোদিত কারও কাছে তথ্য উন্মুক্ত হয়নি। তবে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট হলো প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাট সেবা, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে সাবস্ক্রাইবার গ্রাহকদের জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও ওয়াননোটে চালু করা হয়। এই ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপত্তা চ্যালেঞ্জের দিকে আলোকপাত করেছে।
