৫ জুনের ম্যাচকে সামনে রেখে আজ সান মেরিনোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ ও সান মারিনোর ২১১-তে হলেও র্যাঙ্কিং দিয়ে দু’দলের তুলনা করা সম্ভব নয়। সান মারিনো র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও তাদের খেলোয়াড়রা নিয়মিত ইউরোপের বড় বড় দলের সঙ্গে খেলার সুযোগ পায়। শক্তির বিচারে তাদেরকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই।
নতুন কোচের অধীনে নতুন উদ্যম
বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি খেলোয়াড়দের আগের চেয়ে বেশি স্বাধীনতা দিচ্ছেন। অনুশীলনে নিজের মতো করে সবাইকে তৈরি করার সুযোগ দিচ্ছেন তিনি। বিমানবন্দরে এই ম্যাচের লক্ষ্য নিয়ে কথা বলেন অভিজ্ঞ সেন্টারব্যাক তপু বর্মণ। তিনি বলেন, “তারা (সান মেরিনো) র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও তাদের অনেক ফুটবলার ইউরোপে খেলে। আবার তারা ইউরোপিয়ান দলগুলোর সঙ্গেও খেলে। আমরা তাদের বিপক্ষে নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো।”
খেলোয়াড়দের মতামত
নতুন কোচ থমাস ডুলির অধীনে নতুন শুরুর স্বপ্ন দেখছেন সৈয়দ কাজেম শাহ। তিনি বলেন, “আগের কোচের চেয়ে একটু পার্থক্য তো রয়েছেই। তিনি ট্যাকটিস নিয়ে বেশি কাজ করেন। পাসিং ফুটবল পছন্দ করেন এবং ফুটবলারদের সঙ্গে সহজেই মিশতে জানেন। আর স্বাধীনতা একটু বেশি দেন।”



