ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্ক, ফিফার বিরুদ্ধে মামলার হুমকি
ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নতুন বিতর্ক, ফিফার বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে তা কিছুটা কেটে গেলেও নতুন জটিলতা দেখা দিয়েছে। ফিফা বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বলে খবরে সংস্থাটির বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিফার কাছে ওই পতাকা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ইরানি সম্প্রদায়ের বিভক্তি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। দুটি ক্যালিফোর্নিয়ায়, একটি সিয়াটলে। যুক্তরাষ্ট্রের ইরানিদের বড় অংশ ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন, যাদের মধ্যে অনেকে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের বিরোধী। এই গোষ্ঠীটি ইরানের পুরোনো ‘লায়ন অ্যান্ড সান’ খচিত পতাকা বিশ্বকাপে প্রদর্শনের পরিকল্পনা করছে।

ফিফার নিষেধাজ্ঞা ও আইনি হুমকি

ইরানের ফুটবলপ্রধান মেহদি তাজ আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অননুমোদিত পতাকার মতো বিষয়ের ওপর নির্ভর করছে। পরে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ফিফা তাদের ভেন্যু নির্দেশিকায় বিপ্লব-পূর্ব ইরানি পতাকা নিষিদ্ধ করতে পারে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘ইনস্টিটিউট ফর ভয়েসেস অব লিবার্টি’। সংস্থাটি সতর্ক করে বলেছে, বিষয়টি ক্যালিফোর্নিয়ার রাজ্য বা ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ায় গড়াতে পারে। আইনি পরামর্শক শাহরুখ মোখতারজাদেহ জানান, তিন দিন পার হওয়ার পরও ফিফার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, ‘ফিফা যদি “লায়ন অ্যান্ড সান” খচিত পতাকাটি বাদ দেওয়ার চেষ্টা করে, তবে আমরা উপযুক্ত আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফিফার অস্পষ্ট অবস্থান

ফিফা তাদের নিষিদ্ধ সামগ্রীর তালিকা শেয়ার করে জবাব দিয়েছে, যেখানে ‘রাজনৈতিক, আপত্তিকর এবং/অথবা বৈষম্যমূলক প্রকৃতির’ যেকোনো উপাদান নিষিদ্ধ। তবে পতাকার কোন অংশ নীতিমালা লঙ্ঘন করছে তা সুনির্দিষ্টভাবে জানায়নি। ধারণা করা হচ্ছে, সুস্পষ্টভাবে পতাকা নিষিদ্ধ না করলেও ভেন্যুতে এ বিষয়ে নির্দেশনা থাকতে পারে।

ইরানের ম্যাচ সূচি ও বেস ক্যাম্প

সূচি অনুযায়ী ইরান ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। গ্রুপ জি-তে অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর। বিশ্বকাপ শুরুর আগে ইরান দলের অ্যারিজোনায় বেস ক্যাম্প করার কথা থাকলেও পরে তা মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়।