এনবিআরের সতর্কতা: আয়কর বিভাগে চাকরির নামে প্রতারণা
এনবিআরের সতর্কতা: আয়কর বিভাগে চাকরির নামে প্রতারণা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রতারক চক্রের কৌশল

সোমবার (১ জুন) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। এই সুযোগে দেশের বিভিন্ন এলাকায় কিছু প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অভিনব কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে মর্মে মিথ্যাচারের মাধ্যমে প্রতারিত করা এই চক্রের মূল উদ্দেশ্য।

প্রতারিতদের অর্থ ফেরতের কৌশল

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারও কারও অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারে। কিন্তু যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ তারা হাতিয়ে নেবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস

এনবিআর জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন ও আয়কর বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন।

প্রতারক চক্রের তথ্য জানাতে আহ্বান

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্টচক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিসকে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা, টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭, ই-মেইল: [email protected] এ অবহিত করতে এবং এরূপ প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ