কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. আবির (১৮) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাজিরারটেক সৈকত এলাকায় লাশটি ভেসে আসে। এর আগে গতকাল রোববার দুপুরে সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে ওই পর্যটক নিখোঁজ হন।
পর্যটকের পরিচয়
মো. আবির রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে। আট বন্ধুকে নিয়ে গতকাল সকালে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি। এরপর বন্ধুদের নিয়ে শহরের কলাতলী এলাকার একটি গেস্টহাউসে উঠেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা সাগরে গোসল করতে নামেন।
দুর্ঘটনার বিবরণ
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুর্ঘটনার কবলে পড়া পর্যটকদের উদ্ধার করেন সি-সেফ লাইফগার্ড এর সদস্যরা। প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. ওসমান গনি বলেন, কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমেছিলেন আবির। এ সময় তিনি সাগরে তলিয়ে যান। গতকাল দিনভর তাঁকে খোঁজাখুঁজি করা হলেও তাঁর সন্ধান মেলেনি। আজ ভোরে লাশটি নাজিরারটেক সৈকতে ভেসে আসে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিবারের সদস্যরা আবিরের লাশ শনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচ–কর্মী মাহবুবুর রহমান বলেন, গোসলের সময় একটি টিউবে উঠেছিলেন আবির। ঢেউয়ের ধাক্কায় তিনি টিউব থেকে পানিতে ছিটকে পড়েন। বিষয়টি তখনই প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করা হয়।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।



