মেটার নতুন আয়ের পথ: ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন সেবা
মেটার নতুন সাবস্ক্রিপশন সেবা: ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে প্লাস পরিকল্পনা

সাধারণ ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে যে বিজ্ঞাপন দেখেন, তা থেকেই আয় করতো প্লাটফর্মগুলোর মূল প্রতিষ্ঠান মেটা। তবে এর বাইরে এবার আরেকটি আয়ের পথও বের করলো তারা। এই তিন প্ল্যাটফর্মে নতুন করে সাবস্ক্রিপশন সেবা চালু করছে তারা। এর পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীদের জন্য আরও কয়েকটি সাবস্ক্রিপশন সেবার পরীক্ষাও শুরু করবে প্রতিষ্ঠানটি।

নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনা

সম্প্রতি এক ঘোষণায় মেটা জানিয়েছে, তাদের প্রধান তিন প্ল্যাটফর্ম—ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে গ্রাহকদের জন্য নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনা বিশ্বব্যাপী চালু করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে চালু হতে যাওয়া বিভিন্ন সাবস্ক্রিপশন সেবাকে ‘মেটা ওয়ান’ নামে একটি ব্র্যান্ডের আওতায় আনা হবে।

নতুন পরিকল্পনার আওতায় ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসের মাসিক খরচ হবে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য গুনতে হবে ২ দশমিক ৯৯ ডলার। সাবস্ক্রাইবাররা প্রোফাইল কাস্টমাইজেশন, বিশেষ প্রতিক্রিয়া, স্টোরি–সংক্রান্ত অতিরিক্ত তথ্যসহ বিভিন্ন বাড়তি সুবিধা পাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেটার পণ্যবিষয়ক প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব সেবায় আরও নতুন সুবিধা যুক্ত করা হবে। তবে নতুন ‘প্লাস’ পরিকল্পনাটি মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। অর্থাৎ মাসিক ফি দিয়ে ফেসবুক আইডি বা পেজে যে ব্লু-টিক নেওয়া হতো, সেই সেবায় পরিচয় যাচাই, ভুয়া পরিচয় প্রতিরোধ ও অতিরিক্ত সহায়তার মতো সুবিধা আছে। আপাতত সেই সেবা চালু থাকছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন সেবায় থাকছে যেসব সুবিধা

নতুন সেবা ‘ইনস্টাগ্রাম প্লাস’ ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের স্টোরি কতজন বারবার দেখেছেন। পাশাপাশি ‘ক্লোজ ফ্রেন্ডস’-এর বাইরে অসংখ্য ভিউয়ার্স তালিকা তৈরিরও সুযোগ পাবেন তারা। সপ্তাহে একবার স্টোরিকে অতিরিক্ত ভিউয়ার্সের সামনে তুলে ধরা, ২৪ ঘণ্টার বেশি সময় স্টোরি দৃশ্যমান রাখা, নিজের নাম না দেখিয়ে স্টোরি দেখা এবং স্টোরি ভিউয়ার্সের তালিকায় সার্চ করার মতো সুবিধাও থাকবে।

এ ছাড়া থাকবে বিশেষ অ্যানিমেটেড প্রতিক্রিয়া, কাস্টম অ্যাপ আইকন, প্রোফাইলের বায়োতে নিজস্ব ফন্ট ব্যবহার এবং অতিরিক্ত পিন করা পোস্টের সুবিধা। ফেসবুক প্লাসেও প্রায় একই ধরনের সুবিধা থাকবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসে থাকবে বিভিন্ন থিম, কাস্টম রিংটোন, বেশি সংখ্যক চ্যাট পিন করার সুযোগ, তালিকা কাস্টমাইজেশন ও প্রিমিয়াম স্টিকারের মতো সুবিধা।

নতুন আরও কয়েকটি ফিচারের পরীক্ষা চালাবে মেটা

একই সঙ্গে এআই ব্যবহারকারীদের জন্য ‘মেটা ওয়ান প্লাস’ ও ‘মেটা ওয়ান প্রিমিয়াম’ নামে দুটি নতুন পরিকল্পনার পরীক্ষাও শুরু করবে মেটা। মাসিক যথাক্রমে ৭ দশমিক ৯৯ ও ১৯ দশমিক ৯৯ ডলার মূল্যের এসব সেবায় প্রিমিয়াম গ্রাহকেরা জটিল প্রশ্নের ক্ষেত্রে বেশি কম্পিউটিং সক্ষমতা, উন্নত বিশ্লেষণ এবং বেশি পরিমাণে ভিডিও ও ছবি তৈরির সুবিধা পাবেন।

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মেটা এআই বিনা মূল্যে ব্যবহারযোগ্য থাকবে। আগামী মাসে সিঙ্গাপুর, গুয়াতেমালা ও বলিভিয়ায় এসব পরিকল্পনার পরীক্ষা শুরু হবে। অন্যদিকে কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়ীদের জন্য দুটি নতুন পরিকল্পনার পরীক্ষাও শুরু হবে। সৌদি আরব, মরক্কো, থাইল্যান্ড ও বাংলাদেশে এ পরীক্ষা চালানো হবে।

‘মেটা ওয়ান এসেনশিয়াল’ পরিকল্পনার মাসিক মূল্য হবে ১৪ দশমিক ৯৯ ডলার। এতে থাকবে ভেরিফায়েড ব্যাজ, ভুয়া পরিচয় প্রতিরোধ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের লিংক যুক্ত করার সুবিধা। আর ৪৯ দশমিক ৯৯ ডলারের ‘মেটা ওয়ান অ্যাডভান্সড’ পরিকল্পনায় থাকবে আরও বাড়তি সুবিধা। ব্যবহারকারীর কনটেন্ট ফেসবুক ফিডে বেশি দেখানো, ফেসবুক ও ইনস্টাগ্রামের অনুসন্ধান ফলাফলে অগ্রাধিকার পাওয়া, রিলসে বিশেষ ‘ফলো’ বাটন এবং কনটেন্টে আগ্রহ দেখানো ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে অনুসরণের আমন্ত্রণ পাঠানোর সুবিধা থাকবে এতে।

এ ছাড়া ইনস্টাগ্রাম পোস্ট ও রিলসে ওয়েবসাইটের লিংক যুক্ত করা, উন্নত বিশ্লেষণাত্মক তথ্য, সময় নির্ধারণ করে কনটেন্ট প্রকাশ, একাধিক ব্যবস্থাপককে অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ এবং অন্য কেউ কনটেন্ট পুনর্ব্যবহার করলে সে বিষয়ে সতর্কবার্তাও পাওয়া যাবে।