রাষ্ট্রপতির ঈদ বাণী: বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঈদের শিক্ষা নতুন উদ্যম যোগাবে
রাষ্ট্রপতির ঈদ বাণী: বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঈদের শিক্ষা

রাষ্ট্রপতির ঈদ বাণী: বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঈদের শিক্ষা নতুন উদ্যম যোগাবে

ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ঈদুল ফিতরের শিক্ষা সবার মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে। শুক্রবার (২০ মার্চ) ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বাণীতে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

ঈদের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতি

রাষ্ট্রপতি তার বার্তায় উল্লেখ করেন, মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুমিন-মুসলমানগণ সকল অন্যায়, অবিচার ও পাপাচার হতে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন ও পারলৌকিক মুক্তির প্রয়াস পায়। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। তিনি বলেন, শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অভিযাত্রা

রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার শুভসূচনা ঘটেছে। একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমরা এগিয়ে চলেছি। তিনি প্রত্যাশা করেন, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈশ্বিক সংকট ও সামাজিক দায়িত্ব

বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের অনাকাঙ্ক্ষিত অভিঘাত বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদের শুভকামনা ও প্রার্থনা

রাষ্ট্রপতি বলেন, ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক এবং ঈদের সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে। তিনি প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর উন্নতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। তার বাণীতে তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমিন