আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রোববারের বোর্ড সভায় লাল বলের টেস্ট ম্যাচে গোলাপি বল ব্যবহারের অনুমতি দেওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সভায় প্লেয়িং কন্ডিশনে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। এছাড়া প্রশাসনিক অনিয়মের অভিযোগে ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করা হয়েছে, তবে কানাডা জাতীয় দল আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে।
গোলাপি বল ব্যবহারের নতুন নিয়ম
এতদিন শুধু দিবা-রাত্রির টেস্ট ম্যাচে গোলাপি বল ব্যবহার করা হতো। এখন থেকে লাল বলের টেস্ট ম্যাচে আলোর স্বল্পতা দেখা দিলে দুই দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যাবে। এই সিদ্ধান্ত পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।
প্লেয়িং কন্ডিশনে অন্যান্য পরিবর্তন
প্লেয়িং কন্ডিশনের আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে পানি পানের বিরতির সময় প্রধান কোচ মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংসের মাঝের বিরতির সময় ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করা হয়েছে।
নারী ক্রিকেটে নতুন সিদ্ধান্ত
নারী ক্রিকেট নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে। এছাড়া ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাই থেকে সরিয়ে ফেব্রুয়ারিতে আনা হয়েছে।



