রমজান: আত্মিক পরিশুদ্ধি ও ধৈর্যের মাসের তাৎপর্য
পবিত্র রমজান মাসের আগমন পরিবেশকে আধ্যাত্মিক আলো ও নূরে ভরিয়ে তোলে। মনে হয় চারিদিকে সওয়াব ও কল্যাণের বৃষ্টি ঝরছে, আর আল্লাহর প্রিয় বান্দারা তাদের রবের রহমত লাভের জন্য প্রস্তুত হয়ে ওঠে। সিয়াম সাধনার এই মাসটি অন্তরের প্রশিক্ষণ, আত্মশুদ্ধি এবং সবরের অনুশীলনের একটি অনন্য সময়। প্রতিটি সৎকর্মপ্রত্যাশীর ইচ্ছা জাগে নেক আমলে অগ্রসর হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এবং দুনিয়া ও আখিরাতকে কল্যাণময় করে গড়ে তুলতে।
গৃহস্থালি ও পেশাগত ব্যস্ততায় রোজার চ্যালেঞ্জ
তবে গৃহস্থালি ও পেশাগত ব্যস্ততার কারণে অনেক নারী ও অসুস্থ ব্যক্তি রোজা রাখাকে কঠিন মনে করেন। রমজানে তারা প্রচণ্ড ক্লান্তি ও অবসাদ অনুভব করেন, দিনগুলো দীর্ঘ মনে হয় এবং বারবার প্রশ্ন জাগে—‘আমি কি সুস্থভাবে পুরো মাস রোজা রাখতে পারব?’ এই অনুভূতি সম্পূর্ণ স্বাভাবিক, কারণ আমাদের নফস স্বভাবতই আরামপ্রিয়, অথচ রোজা দাবি করে ধৈর্য ও কষ্টসহিষ্ণুতা।
রমজান মাসে আমরা ক্ষুধা-তৃষ্ণা এবং অন্যান্য নফসের চাহিদাকে সংযত করে শুধু আত্মাকে তৃপ্ত করি না; বরং আল্লাহর নৈকট্য লাভ এবং আত্মিক বিকাশও অর্জন করি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আমরা অসুস্থ বা অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ি, তখন চিকিৎসক বেশি খাওয়া বা ঘুমানোর পরামর্শ দেন না; বরং খাদ্য ও ঘুম নিয়ন্ত্রণ এবং ব্যায়ামের নির্দেশ দেন। মানে, মানসিক ও শারীরিক উন্নতির জন্য পরিশ্রম ও কষ্ট অপরিহার্য।
আত্মিক পরিশ্রমের গুরুত্ব ও আল্লাহর পথে প্রচেষ্টা
ঠিক তেমনি, পরিশ্রম ও কষ্ট স্বীকার না করে আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাও সম্ভব নয়। যেমন আমরা জিমে ব্যায়াম করতে গিয়ে ঘামে ভিজে যাই, শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়, তবু নিয়মিত পরিশ্রম চালিয়ে যাই শারীরিক সুস্থতার জন্য। রমজানুল মোবারকে যে আত্মিক পরিশ্রম ও সাধনা করা হয়, তা আমাদের দেহ, আত্মা এবং ঈমানকে শক্তিশালী করে তোলে।
আল্লাহতায়ালা পবিত্র কোরআনুল কারিমের সুরা আনকাবুতে ইরশাদ করেছেন, ‘আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্য অবশ্যই আমার পথে পরিচালিত করব। অবশ্যই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে আছেন।’ (আয়াত: ৬৯) এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যারা আল্লাহর পথে চেষ্টা-সংগ্রাম করে, আল্লাহ তাদের সঠিক পথের দিশা দেন। রমজানের প্রতিটি রোজা, ইবাদত এবং নেক আমল আল্লাহর পথে সেই প্রচেষ্টারই একটি রূপ।
নিয়তের মূল্য ও রমজানের রহমত
আল্লাহ তায়ালা আমাদের কাছ থেকে পরিপূর্ণতা প্রত্যাশা করেন না; বরং তিনি আমাদের নিয়ত ও প্রচেষ্টাকেই দেখেন। কেউ দুর্বল, অসুস্থ বা গুনাহগার হোক, রমজান সবার জন্যই রহমতের মাস। এ প্রসঙ্গে রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘সমস্ত কাজের ভিত্তি নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই-ই পাবে, যা সে নিয়ত করেছে।’ (সহিহ বুখারি) এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে, আল্লাহ আমাদের নিয়ত দেখেন এবং তার পথে সামান্য প্রচেষ্টাকেও বৃথা যেতে দেন না।
অন্য আরেকটি হাদিসে মহানবী (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশা নিয়ে রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।’ আমরা যদি অসুস্থতার পর প্রথমবার রোজা রাখি বা রোজার সময় দুর্বলতা অনুভব করি, তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। খাঁটি নিয়ত নিয়ে করা সামান্য প্রচেষ্টাও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান এবং সওয়াবের কারণ।
রমজানের শিক্ষা ও নতুন সূচনার আহ্বান
রমজানুল মোবারক আমাদের শিক্ষা দেয় যে, প্রতিটি কষ্ট ও কঠিনতার সঙ্গে স্বস্তি রয়েছে, আর প্রতিটি অন্ধকার একদিন আলোতে রূপান্তরিত হতে পারে। আমাদের উচিত রমজানকে আত্মনবীকরণ ও নতুন সূচনার সুযোগ হিসেবে গ্রহণ করা। এই বরকতময় মাস আমাদের আহ্বান জানায় অতীতের গুনাহ, ভুলত্রুটি ও অনুশোচনা থেকে মুক্তি লাভ করতে এবং অন্যদের দেওয়া কষ্টের ফলাফল আল্লাহর ওপর ন্যস্ত করতে।
আমরা এই কামনা করি যে, আল্লাহ তায়ালা রমজান মাসকে এমনভাবে প্রেরণ করুন, যেন তা উদীয়মান সূর্যের মতো পাপাচারের দীর্ঘ রাত্রির অবসান ঘটায় এবং আমাদের হৃদয় নূরের আলোয় পরিপূর্ণ করে। এই মাস আমাদের আহ্বান জানায় সহানুভূতি, সেবা ও ভালোবাসার অনুভূতি নিয়ে অতিবাহিত করতে, আশপাশের প্রয়োজনমুখী মানুষের জন্য সময় বের করে তাদের সহায়তা করে দোয়া অর্জন করতে। রমজানুল মোবারক আমাদের সুযোগ দেয় অন্তরে জমে থাকা দুঃখ-কষ্টের ভার থেকে মুক্ত হয়ে নতুন অঙ্গীকার ও আশাবাদ নিয়ে সামনে এগিয়ে যেতে। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন। আমিন।
লেখক: গণমাধ্যমকর্মী ও মাদ্রাসা শিক্ষক
