মদিনার প্রথম দাঈ মুসআব (রা.)-এর জীবন: বিলাসিতা ত্যাগের অনন্য দৃষ্টান্ত
মদিনার প্রথম দাঈ মুসআব (রা.)-এর জীবন

মদিনার প্রথম দাঈ মুসআব (রা.)-এর জীবন: বিলাসিতা ত্যাগের অনন্য দৃষ্টান্ত

ইসলামের ইতিহাসে মুসআব (রা.) এক অনন্য সাহাবী হিসেবে পরিচিত, যিনি মদিনার প্রথম দাঈ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার জীবন ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার পথে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছে।

মক্কার ধনাঢ্য যুবক থেকে ইসলাম গ্রহণ

ইসলাম গ্রহণের পূর্বে মুসআব (রা.) মক্কার একজন ধনাঢ্য ও সুদর্শন যুবক ছিলেন। তার পোশাক ও সুগন্ধি এতটাই দামি ছিল যে, তিনি যে পথ দিয়ে হেঁটেছেন, সেই পথ সুগন্ধে ভরে যেত। মক্কাবাসীরা তার প্রতি ঈর্ষা অনুভব করতেন।

নবীজি (সা.)-এর দাওয়াত শুনে তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন। কিন্তু তার মা, যিনি অত্যন্ত প্রভাবশালী ও কঠোর ছিলেন, এই খবর জানতে পেরে তাকে একটি ঘরে বন্দি করে রাখেন এবং সব সম্পদ ও সুযোগ-সুবিধা কেড়ে নেন। তবুও মুসআব (রা.) তার রাজকীয় জীবন ও মায়ের স্নেহের চেয়ে আল্লাহ ও রাসুলের ভালোবাসাকে বড় মনে করলেন। অবশেষে তিনি বন্দিদশা থেকে পালিয়ে আবিসিনিয়ায় হিজরত করেন।

মদিনার প্রথম দাঈ হিসেবে দায়িত্ব

হিজরতের আগে, মদিনার (তৎকালীন ইয়াসরিব) কিছু মানুষ ইসলাম গ্রহণ করলে তাদের একজন শিক্ষকের প্রয়োজন দেখা দেয়। তখন নবীজি (সা.) তরুণ মুসআব (রা.)-কে পাঠালেন মদিনার প্রথম দাঈ হিসেবে। তার বিনয়, প্রজ্ঞা এবং কুরআনের মধুর তেলাওয়াতের মাধ্যমে মদিনার প্রতিটি ঘরে ঘরে ইসলাম পৌঁছাল। মুসআব (রা.)-এর অসামান্য প্রচেষ্টার কারণে নবীজি (সা.)-এর মদিনায় হিজরতের পথ সুগম হয়েছিল।

ওহুদ যুদ্ধে শাহাদাত

ওহুদ যুদ্ধে মুসআব (রা.) মুসলিম বাহিনীর পতাকা বহন করছিলেন। যুদ্ধক্ষেত্রে তার অসাধারণ সাহসিকতা প্রদর্শিত হয়, এবং সেই সময় তিনি শাহাদাত বরণ করেন। শাহাদাতের পর দেখা যায়, তার শরীরে রাখার মতো পর্যাপ্ত কাপড়ও নেই। নবীজি (সা.) তাঁর লাশের পাশে দাঁড়িয়ে ব্যথিত হৃদয়ে দেখলেন— মক্কার সেই বিলাসী যুবকের গায়ে কেবল একটি ছোট চাদর। সেই চাদর দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, আর পা ঢাকলে মাথা। তখন নবীজি নির্দেশ দিলেন, মাথা চাদর দিয়ে ঢাকতে এবং পা ঘাস (ইযখির) দিয়ে ঢেকে দিতে।

জীবনের শিক্ষা

মুসআব (রা.)-এর জীবন আমাদের শিক্ষা দেয় যে, আদর্শ ও ধর্মের জন্য দুনিয়ার সব বিলাসিতা ত্যাগ করা যায়। তার মাধ্যমে মদিনায় ইসলামের আলো জ্বলে ওঠে, যা আজ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার জীবনী ইসলামের ইতিহাসে এক অনন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।

উৎস: বুখারি, তাবাকাতে ইবনে সাদ, সীরাত ইবনে হিশাম।