বিএনপির সহযোগী জাসাসের বৈশাখী আয়োজন: ‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’
জাসাসের বৈশাখী আয়োজন: গণতন্ত্রের পুনরুত্থান স্লোগান

বিএনপির সহযোগী জাসাসের বৈশাখী আয়োজন: ‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় বরণের প্রস্তুতি নিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সংগঠনটির এবারের বৈশাখী স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’। নেতারা জানিয়েছেন, এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হবে।

প্রস্তুতি সভা ও আলোচনা

এ উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মূলত রবিবার (২৯ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভার ধারাবাহিকতায় জাসাস এই বিশেষ সভার আয়োজন করে। সভায় বর্ষবরণের যাবতীয় পরিকল্পনা ও আয়োজনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে সংগঠনের শীর্ষ নেতাদের মাঝে দীর্ঘদিনের কোনও গ্রুপিং-কোন্দল থাকলে তা নিরসনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলের সভাপতিত্বে বৈঠকে জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন, সাবেক সহসভাপতি শায়রুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐক্যের বার্তা

সভায় বক্তারা আসন্ন বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মতভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ প্রসঙ্গে জাসাসের সাবেক সহ-সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘প্রতি বছরের মতো এবারও জাসাস বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়ার পরিকল্পনা করেছে। যেখানে সংগীত, নৃত্য ও দেশি ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে।’ তিনি আরও বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ। আমরা এই ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করতে চাই। সেই উদ্দেশ্যেই জাসাসের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করেছেন। আশা করছি, শিগগিরই ৫টি উপকমিটি গঠন করা হবে এবং এসব কমিটির মাধ্যমে যাবতীয় কার‌্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘তা ছাড়া গত ২৯ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছে সেখানেও জাসাসের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছিলেন। আজকেও জাসাসের বৈঠকটি তারই ধারাবাহিকতা।’

আমন্ত্রণ ও স্থান নির্ধারণ

এ বিষয়ে জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন বলেন, ‘রমনা পার্কের রাণীমঞ্চে তাদের কর্মসূচি হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’

জাসাসের এই আয়োজন বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী উদযাপনের পাশাপাশি রাজনৈতিক বার্তা বহন করছে। সংগঠনটি তাদের বৈশাখী স্লোগানের মাধ্যমে গণতন্ত্রের পুনরুত্থানের আহ্বান জানাচ্ছে, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে।