এলপিএলে দল পেলেন মিরাজ ও হাসান মাহমুদ
এলপিএলে দল পেলেন মিরাজ ও হাসান মাহমুদ

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ক্লাসিক ক্যাটাগরি থেকে স্পিন অলরাউন্ডার মিরাজকে দলে নিয়েছে গল গ্যালান্টস। এই দলে মিরাজের সঙ্গে আছেন স্বদেশি লিটন কুমার দাস, যিনি সরাসরি চুক্তিতে দলে যোগ দিয়েছিলেন।

সরাসরি চুক্তিতে সাকিব-তাসকিন

এছাড়া সরাসরি চুক্তিতে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে দলে নিয়েছে জাফনা কিংস। অন্যদিকে, ক্লাসিক ক্যাটাগরি থেকে পেসার হাসান মাহমুদকে দলে ভেড়ায় কলম্বো ক্যাপস। গত রাতে কলম্বোতে এলপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৩১ জন ক্রিকেটারের নাম ছিল। এর মধ্যে আগামী এলপিএল খেলবেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার।

দল না পাওয়া ক্রিকেটাররা

ড্রাফটে নাম থাকলেও দল পাননি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শেখ মাহেদি হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোসাদ্দেক হোসেন ও শামীম হোসেনসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ড্রাফটের ক্যাটাগরি ও সময়সূচি

ড্রাফটের মূল ক্যাটাগরি ছিল তিনটি: প্লাটিনাম (৫০ হাজার মার্কিন ডলার), গোল্ড (৩০ হাজার মার্কিন ডলার) ও ক্লাসিক (২০ হাজার মার্কিন ডলার)। এছাড়াও সহযোগী দেশগুলির ক্যাটাগরি (১৫ হাজার ডলার) ও অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের ক্যাটাগরি (১০ হাজার ডলার) ড্রাফটে রাখা হয়। পাঁচ দলকে নিয়ে আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এলপিএল অনুষ্ঠিত হবে। নতুন মৌসুমে চারটি ফ্র্যাঞ্চাইজি নতুন নামে অংশ নেবে। জাফনা খেলবে এসসি জাফনা কিংস নামে, গল খেলবে গল গ্যালান্টস, ক্যান্ডি খেলবে ক্যান্ডি রয়্যালস এবং কলম্বো খেলবে কলম্বো ক্যাপস নামে। নিজেদের আগের নাম ধরে রেখেছে শুধুমাত্র ডাম্বুলা সিক্সার্স।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ