ইউআইইউ মার্স রোভার দলের তৃতীয় স্থান অর্জন
ইউআইইউ মার্স রোভার দলের তৃতীয় স্থান

যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬’-এ তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ মার্স রোভার’ দল। প্রতিযোগিতার ২০ বছরের ইতিহাসে প্রথম এশীয় দল হিসেবে শীর্ষ তিনে (পোডিয়ামে) জায়গা করে নেওয়ার এক অনন্য ইতিহাস গড়েছে দলটি। একই প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ‘ব্র্যাকইউ মঙ্গল তরী’ দল।

প্রতিযোগিতার বিস্তারিত

গত ২৭ থেকে ৩০ মে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফলে ৪৬৯ দশমিক ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘মার্স রোভার ডিজাইন টিম’। ৪১২ দশমিক ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়ার ‘মোনাশ নোভা রোভার’। আর ৪০০ দশমিক ৪৪ পয়েন্ট পেয়ে বিশ্বে তৃতীয় এবং এশিয়ার দলগুলোর মধ্যে সবার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশের ইউআইইউ মার্স রোভার। পাশাপাশি সেরা স্বয়ংক্রিয় ব্যবস্থার জন্য দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম’ স্বীকৃতিও লাভ করেছে। এ প্রতিযোগিতায় শীর্ষে রয়েছে বাংলাদেশের আরেকটি দল। ব্র্যাক ইউনিভার্সিটির ‘ব্র্যাকইউ মঙ্গল তরী’ দল ৩৪৭ দশমিক ৮১ পয়েন্ট পেয়ে সপ্তম স্থান অর্জন করেছে।

বাছাই প্রক্রিয়া

এবার এ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের ১১৬টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। কয়েক ধাপের কঠোর বাছাইপ্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, মেক্সিকো, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের মাত্র ৩৮টি দল গ্র্যান্ড ফাইনালে লড়ার সুযোগ পায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউআইইউর সাফল্যের ধারা

আজ মঙ্গলবার ইউআইইউর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউআইইউর সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) পরিচালিত ‘ইউআইইউ মার্স রোভার’ দল ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার এশিয়ায় প্রথম হওয়ার গৌরব ধরে রেখেছে।

চূড়ান্ত পর্বের মিশন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চার দিনব্যাপী চূড়ান্ত পর্বে দলগুলোকে নিজেদের তৈরি রোভারের সক্ষমতা প্রমাণ করতে হয়। এর মধ্যে ছিল বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং—এই চারটি মিশন। ইউআইইউর দলটি সফলভাবে সব কটি মিশন সম্পন্ন করে।

পরামর্শক ও মেন্টর

ইউআইইউর বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউআইইউ মার্স রোভার দলের এ সাফল্যের পেছনে পরামর্শক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারওয়ার এবং কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রধান সুমন আহমেদ। দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন।