বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থক হিসেবে পরিচিত ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে আজ বুধবার বিকেলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেওয়া হয়। এই আইন কর্মকর্তারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছিলেন।
পদত্যাগের কারণ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করা আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মূলত তিনটি কারণে তাঁরা পদত্যাগ করেছেন। কারণগুলো হলো জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করা। তিনি বলেন, 'আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় ও বিচারপতি নিয়োগে অধ্যাদেশ বাস্তবায়নের পক্ষে, সে কারণে পদত্যাগ দিয়েছি।'
পদত্যাগকারীদের তালিকা
পদত্যাগ করা ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন: মো. ইউসুফ আলী, মুহাম্মদ আবদুল করিম, মো. গোলাম রহমান ভূঁইয়া, ফরিদ উদ্দিন খান, মো. আসাদ উদ্দিন ও মোহাম্মদ তারিকুল ইসলাম। আর ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন: ইমরুল কায়েছ, মো. হুমায়ুন কবির, মো. আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, মো. জোবায়দুর রহমান, মোহাম্মদ শামসিল আরেফিন, মাহবুবা আক্তার রলী, মীর এ কে এম নূরুননবী, আল রেজা মো. আমির, মো. রেজাউল ইসলাম ও মো. জাকির হোসেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিবৃতি
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিয়েছেন। প্রক্রিয়া অনুসারে পদত্যাগপত্রগুলো এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩ এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ২২৯। এদের মধ্যে ৭ জন ডিএজি ও ১১ জন এএজি পদত্যাগ করলেন।



