নড়াইল জেলার সদর উপজেলায় ভাতিজির বিয়ের অনুষ্ঠানের গেটে বিদ্যুৎস্পর্শে নকুল মল্লিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে মুশুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
নিহত নকুল মল্লিক (৫২) একই গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে। তার লাশ বর্তমানে নড়াইল জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বরযাত্রীরা রাত আনুমানিক ৮টার দিকে বিয়েবাড়ির গেটে পৌঁছায়। এ সময় হবু জামাইকে বরণ করতে অন্যদের সঙ্গে গেটে যান নকুল মল্লিক।
অসাবধানতাবশত গেটের সাজসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



