মাদক সংক্রান্ত প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার রোধ এবং বিচারিক কার্যক্রম জোরদারকরণে ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠকের বিবরণ
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনে মন্ত্রিসভার দশম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আইনের প্রেক্ষাপট
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, সরবরাহ ও চাহিদা হ্রাস, অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনকল্পে ২০১৮ সালের ৬৩ নম্বর আইন ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২০)’ প্রণয়ন করা হয়।
সংশোধনের কারণ
বর্তমানে মাদক পাচার ও অপব্যবহারের পরিবর্তিত ধরন, মাদক সংক্রান্ত প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার এবং বিচারিক কার্যক্রমে উদ্ভূত বাস্তব সমস্যাসমূহ নিরসনকল্পে আইনটির কতিপয় ধারা সংযোজন ও সংশোধন করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়।
প্রস্তাবিত আইনের বৈশিষ্ট্য
- ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা: বিচারিক কার্যক্রম জোরদারকরণে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে।
- সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ: মাদকদ্রব্য সংশ্লিষ্ট প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার রোধে বিশেষ করে সাইবার স্পেসে সংঘটিত অপরাধ দমনে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের নতুন বিধান সংযোজন করা হয়েছে।
- সীমান্ত নিরাপত্তা: সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ, অভিযান পরিচালনা ও আন্তঃসংস্থা সমন্বয়ের বিধান সংযোজন করা হয়েছে।
- ডগ স্কোয়াড: মাদকদ্রব্য সহজে শনাক্তকরণে ডগ স্কোয়াড গঠনের বিধানও যুক্ত করা হয়েছে।
মন্ত্রিসভা বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



