এইচএমডি ১০১ ফিচার ফোন: কল রেকর্ড সুবিধা নিয়ে বাংলাদেশে নকিয়ার নতুন যাত্রা
কল রেকর্ড সুবিধাসহ এইচএমডি ১০১ ফিচার ফোন বাংলাদেশে

নকিয়া মোবাইল ফোনের মূল প্রতিষ্ঠান হিউম্যান মোবাইল ডিভাইসেস (এইচএমডি) বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে একটি নতুন ফিচার ফোনের মাধ্যমে। 'এইচএমডি ১০১' মডেলের এই ফোনটি স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ড করতে সক্ষম। গত মঙ্গলবার বগুড়ার একটি হোটেলে উত্তরবঙ্গের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উপস্থিতিতে ফোনটির বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশের বাজারের জন্য বিশেষভাবে তৈরি

প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড এই ফোনটি বাংলাদেশে বাজারজাত করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএমডি বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যোগাযোগের জন্য ফিচার ফোন ব্যবহার করেন। অনেক চাকরিজীবী ও ভ্রমণকারীও স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোন কেনেন। এসব ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় রেখে বাংলাদেশেই এইচএমডি ১০১ মডেলের ফোনটি তৈরি করা হয়েছে।

ফোনের বৈশিষ্ট্য ও দাম

ফোনটিতে রয়েছে ১ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ফলে একবার চার্জে টানা সাত ঘণ্টা পর্যন্ত কথা বলা যায়। দুটি এলইডি টর্চযুক্ত ফোনটিতে বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার ও ওয়্যারলেস এফএম রেডিও রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে চাইলে ফোনটির ধারণক্ষমতা সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনটির দাম ধরা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এইচএমডির প্রতিশ্রুতি

এইচএমডির ইমার্জিং এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল বলেন, 'বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল-আমিন বলেন, 'ফিচার ফোন এখনো দেশের লাখো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। উত্তরবঙ্গ থেকে “এইচএমডি ১০১”-এর যাত্রা শুরু হওয়া আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নকিয়ার পরিচিত স্থায়িত্ব এবং এইচএমডির আধুনিক সুবিধার সমন্বয় এই ফোনে পাওয়া যাবে।'

অনুষ্ঠানে উপস্থিতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ।