পৃথিবীর বেশিরভাগ পতাকা লাল, সাদা ও নীল কেন?
পৃথিবীর বেশিরভাগ পতাকা লাল, সাদা ও নীল কেন?

বর্তমানে পৃথিবীতে ১৯৫টি দেশ রয়েছে, যার প্রতিটির নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। পতাকার রং ও ডিজাইনের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের পরিচয় ফুটিয়ে তোলা হয়। যেমন বাংলাদেশের পতাকার লাল বৃত্ত উদীয়মান সূর্য ও স্বাধীনতায় আত্মোৎসর্গকারী বীর শহীদদের রক্তের প্রতীক।

পৃথিবীর বেশিরভাগ পতাকার দিকে তাকালে একটি মিল চোখে পড়ে: অধিকাংশ পতাকায় লাল, নীল ও সাদা রঙের ব্যবহার। প্রায় ৩০টি দেশ তাদের পতাকায় এই তিনটি রং ব্যবহার করে, এবং বিভিন্ন ছোট অঞ্চল ও দ্বীপ মিলিয়ে সংখ্যাটি আরও বেশি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও থাইল্যান্ডের মতো দেশগুলোর পতাকা এই তিন রঙের।

কেন এই তিন রং এত জনপ্রিয়?

এটি কি কাকতালীয় নাকি এর পেছনে বড় কারণ রয়েছে? শত শত বছর আগে রাজা-বাদশাহ, ব্যবসায়ী ও জলদস্যুরা নিজেদের চেনাতে পতাকা ব্যবহার করত। তবে আধুনিক জাতীয় পতাকার ধারা ১৭০০ সালের শেষের দিকে শুরু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেকালে কৃত্রিম রং ছিল না। ১৮৫৬ সালে ১৮ বছর বয়সী উইলিয়াম হেনরি পারকিন ভুল করে প্রথম কৃত্রিম বেগুনি রং আবিষ্কার করেন। তার আগে সব রং প্রাকৃতিক উৎস থেকে আসত। পতাকার রং নির্ভর করত সহজলভ্যতা, সস্তা ও টেকসইতার ওপর।

লাল, সাদা ও নীলের সহজলভ্যতা

লাল রং তৈরি হতো ম্যাডার গাছের মূল থেকে বা দামি পোকার গুঁড়া থেকে। সাদা রঙের জন্য ব্লিচিং যথেষ্ট ছিল। নীল রং আসত 'উড' নামক শর্ষে গোত্রের উদ্ভিদের পাতা থেকে। সহজলভ্য ও দীর্ঘস্থায়ী হওয়ায় এই তিন রং কাপড় রাঙানোর জন্য জনপ্রিয় হয়ে ওঠে।

অন্যদিকে, বেগুনি রং তৈরি হতো বিশেষ শামুকের লালা থেকে, যা ছিল অত্যন্ত দামি। সবুজ, কমলা ও কালো রং সহজে টেকসই হতো না এবং দ্রুত ফ্যাকাশে হয়ে যেত। ফলে লাল, সাদা ও নীল রং সবার পছন্দের শীর্ষে চলে আসে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঐতিহাসিক প্রভাব ও রাজনৈতিক অনুপ্রেরণা

১৭০০ শতকে ডাচরা (নেদারল্যান্ডস) সমুদ্রের রাজা ছিল এবং তারা প্রথম পতাকায় লাল, সাদা ও নীলের তিনটি আড়াআড়ি দাগ ব্যবহার করে। তাদের দেখে মুগ্ধ হয়ে রাশিয়ার জার পিটার দ্য গ্রেট একই রঙের পতাকা বানান। পরে রাশিয়ার অনুসরণে স্লোভাকিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলো একই রঙের পতাকা গ্রহণ করে।

ব্রিটেনের ইউনিয়ন জ্যাক (লাল, সাদা ও নীল) ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশের পতাকায় এখনও ইউনিয়ন জ্যাক রয়েছে। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের তেরঙ্গা পতাকা স্বাধীনতার প্রতীক হিসেবে বিশ্বকে প্রভাবিত করে।

অঞ্চলভেদে ভিন্নতা

যদিও ইউরোপীয় প্রভাবে লাল, সাদা ও নীল রং বিশ্বজুড়ে ছড়িয়েছে, সব অঞ্চলে এর দাপট সমান নয়। মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোর পতাকায় লাল, সাদা, সবুজ ও কালো রঙের প্রভাব বেশি। অন্যদিকে এশিয়ার অনেক দেশের পতাকায় ইউরোপের প্রভাব ছাড়াই প্রাচীন ধর্মীয় ও রাজনৈতিক প্রতীক রয়েছে। সূত্র: হিস্ট্রি ডটকম।