যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় গত মঙ্গলবার রাতে মোহাম্মদ মাহফুজুল হক নামে এক ব্যক্তিকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ডোরড্যাশ’–এর কর্মী ছিলেন এবং অনলাইনে গ্রাহকদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার কাজ করতেন।
ঘটনার বিবরণ
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ৪৩ বছর বয়সী মোহাম্মদ মাহফুজুল হককে মাটিতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়, তাঁর মাথার পেছনে গুলির আঘাত ছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, তাঁর পাশেই ইঞ্জিন চালু অবস্থায় একটি গাড়ি দাঁড়িয়ে ছিল এবং সেখানে ‘ডোরড্যাশ’–এর একটি বড় ডেলিভারি ব্যাগ পড়ে ছিল। স্কট স্মল বলেন, গুলিবিদ্ধ মাহফুজুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্তের অগ্রগতি
পুলিশ কর্মকর্তা স্মল আরও জানান, ‘মাহফুজুল যেখানে পড়ে ছিলেন, তার কয়েক ইঞ্চির মধ্যেই রাইফেলের দুটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।’ তদন্তকারীদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে।
এ ঘটনায় কালো পোশাক পরা মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের ছবি প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলে ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া গাড়িটি নিহত ব্যক্তির ছিল।
ডোরড্যাশের বিবৃতি
ঘটনাটি নিয়ে এক বিবৃতিতে ‘ডোরড্যাশ’-এর এক মুখপাত্র বলেন, প্রাণঘাতী এই গুলির ঘটনার পর তাদের কোম্পানি পুলিশকে তদন্তে সহযোগিতা করছে। ওই মুখপাত্র আরও বলেন, ‘এই অযৌক্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সহায়তা করার লক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’
পরিবার ও কমিউনিটির প্রতিক্রিয়া
এনবিসি১০ ফিলাডেলফিয়া নিহত মাহফুজুল হকের দেশ বা অভিবাসনের বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তাঁকে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বা অনলাইনে বেনামে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।



