ভারি বর্ষণে খুঁটি ভেঙে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ভারি বর্ষণে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ভারি বৃষ্টিতে ভূমিধসের কারণে কেরানীহাট-বান্দরবান সড়কে ৩৩ কেভি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের জরুরি বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারি বর্ষণে ল্যান্ড স্লাইডের ফলে কেরানীহাট-বান্দরবান সড়কে ৩৩ কেভি পোল পড়ে যাওয়ায় বান্দরবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কারিগরি দলের মেরামত কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

আবহাওয়ার পূর্বাভাস ও বন্যার সতর্কতা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব আরও বেশি থাকায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নদীর পানি বৃদ্ধি ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কক্সবাজার, ফেনী ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।