বাংলাদেশে সংযোজন করা চাঙ্গান অটোমোবাইলের নতুন মডেলের এসইউভি ‘চাঙ্গান সিএস৭৫ প্রো’ বাজারজাত করা শুরু করেছে ডিএইচএস অটোস লিমিটেড। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাত আসনের এই প্রিমিয়াম গাড়িটির দাম ধরা হয়েছে ৩৪ লাখ টাকা।
আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সংযোজন করা হলেও নতুন মডেলের এসইউভিতে চাঙ্গানের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে মান বজায় রাখা হয়েছে। পারিবারিক ও ব্যবসায়িক ভ্রমণের কথা মাথায় রেখে তৈরি গাড়িটিতে বিলাসবহুল কেবিন, হালনাগাদ প্রযুক্তি ও প্রিমিয়াম সেফটি ফিচার থাকায় যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পারবেন।
ইঞ্জিন ও ট্রান্সমিশন
ডিএইচএস অটোস লিমিটেডের তথ্যমতে, গাড়িটিতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, যা ১৮৫ হর্সপাওয়ার এবং ৩০০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এর সঙ্গে যুক্ত ৭-স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন ড্রাইভিংকে করে তোলে আরামদায়ক। ফলে শহরের পাশাপাশি হাইওয়েতেও স্বাচ্ছন্দ্যে চালানো যায় গাড়িটি।
কেবিন ও আসন ব্যবস্থা
গাড়িটিতে রয়েছে তিন সারির প্রশস্ত কেবিন, যেখানে প্রয়োজন অনুযায়ী সিট ভাঁজ করে রাখার পাশাপাশি আসনের অবস্থান পরিবর্তন করা যায়।
প্রযুক্তি ও নিরাপত্তা ফিচার
গাড়িটিতে রয়েছে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা, ইলেকট্রিক প্যানোরামিক সানরুফ ও ১৯ ইঞ্চির টাইটেনিয়াম ব্ল্যাক অ্যালয় চাকা। একাধিক প্রিমিয়াম ফিচারের পাশাপাশি গাড়িটিতে চালকের সহায়ক ফিচার এডিএএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) রয়েছে, ফলে স্বাচ্ছন্দ্যে গাড়ি চালানো সম্ভব।



