বিশ্বকাপে এখন পর্যন্ত ৯৬টি ম্যাচ হয়েছে। ৪৮ দল থেকে লড়াই এখন ৮ দলে নেমে এসেছে। আজ রাত থেকেই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। দলগুলোকে প্রতিপক্ষের সঙ্গে ভাবতে হচ্ছে আরেকটি বিষয় নিয়েও—হলুদ কার্ড।
আর্জেন্টিনার স্বস্তি
এই জায়গায় অন্যদের চেয়ে বেশি স্বস্তিতে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে দলটির শুধু গনসালো মন্তিয়েলের নামের পাশেই হলুদ কার্ড আছে। সুইজারল্যান্ডের বিপক্ষে হলুদ কার্ড দেখলে তিনি সেমিফাইনালে খেলতে পারবেন না।
ফিফার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের হলুদ কার্ডগুলো এবার নকআউটে কার্যকর থাকবে না। শেষ ৩২ ও শেষ ষোলোতে যারা হলুদ কার্ড দেখেছেন, তারা কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখলেই শুধু নিষিদ্ধ হবেন সেমিফাইনালে।
ফাউল ও হলুদ কার্ডের পরিসংখ্যান
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড দেখা দলগুলোর একটি আর্জেন্টিনা। ৫৯টি ফাউল করে তিনটি হলুদ কার্ড দেখেছে তারা, প্রতি ১৯.৭টি ফাউলের জন্য একটি হলুদ কার্ড দেখেছে তারা।
কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে কম, দুটি, হলুদ কার্ড দেখেছে নরওয়ে। বিশ্বকাপে ৪৮টি ফাউল করে দুটি হলুদ কার্ড দেখেছে তারা, অর্থাৎ ২৪ ফাউলের বিপরীতে দেখেছে একটি হলুদ কার্ড।
ইংল্যান্ডের দুর্ভাগ্য
কোয়ার্টার ফাইনালে যাওয়া ৮ দলের ১৭ জন ফুটবলারের নামের পাশে হলুদ কার্ড আছে। এই জায়গায় সবচেয়ে দুর্ভাগা ইংল্যান্ডের ফুটবলাররা। এই বিশ্বকাপে ৫৪টি ফাউলের বিপরীতে ৭টি হলুদ কার্ড দেখেছে তারা, প্রতি ৭.৭টি ফাউলের জন্য একটি হলুদ কার্ড দেখেছে তারা।
দলটির চারজন ফুটবলার কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে খেলতে পারবেন না। এর মধ্যে আছেন ডেকলান রাইস ও জুড বেলিংহামের মতো তারকা ফুটবলারও। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাদের তাই ভয়টা বেশি। অন্যদিকে নরওয়ের অ্যন্তেনিও নুসো ছাড়া দলটির আর কোনো ফুটবলার হলুদ কার্ড দেখেননি।
টুর্নামেন্টে বাকি থাকা দলগুলোর ফাউল ও হলুদ কার্ডের পরিসংখ্যান
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। ফুটবল থেকে আরও পড়ুন: আর্জেন্টিনা ফুটবল দল, ফিফা বিশ্বকাপ ২০২৬, বিশ্বকাপ ফুটবল ২০২৬।



