রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলায় টানা চারদিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বাঘাইছড়ি ও বিলাইছড়িতে বন্যা পরিস্থিতি
বাঘাইছড়ি পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও আশপাশের ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সঙ্গে গবাদি পশুও নিয়ে গেছেন তারা। বিলাইছড়ির ফারুয়া বাজার ও কয়েকটি গ্রাম পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মহালছড়ি অংশ ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন।
আশ্রয়কেন্দ্র ও উদ্ধার কার্যক্রম
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, টানা ভারী বর্ষণে উপজেলা প্লাবিত হয়েছে। পৌরসভার তিনটি সহ মোট ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১ হাজার ২৭২ জন মানুষ অবস্থান করছেন। জেলা প্রশাসনের তথ্যমতে, রাঙামাটিতে ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ৪ হাজার ১৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
ভূমিধসের ঘটনা
টানা বর্ষণে জেলাজুড়ে ৯৭টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাপ্তাইয়ে ১৫টি, সদরে ১০টি, কাউখালীতে ৩০টি, বাঘাইছড়িতে তিনটি, নানিয়ারচরে দুটি এবং বিলাইছড়িতে ৩৭টি ভূমিধস হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
বৃষ্টিপাতের পরিমাণ
রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



