পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা সরকারের
পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা

আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংসদে মন্ত্রীর বক্তব্য

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধোলুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয় একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনার আওতায় বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মী তৈরি, বিদেশি শ্রমবাজার সম্প্রসারণ এবং ভাষাগত বাধা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও কোর্স

মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)। এসব প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানমুখী ট্রেড কোর্স চালু রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ডা. জয়নুল আবেদিনের পৃথক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে, অভিবাসন খরচ কমাতে এবং রিক্রুটিং এজেন্ট ও দালালদের প্রতারণা রোধে কাজ করছে।

অভিবাসন প্ল্যাটফর্ম

অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ করতে সরকার 'ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)' চালু করেছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণার্থী নথিভুক্তকরণ, মনিটরিং ও সার্টিফিকেশন, বিদেশে শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে ডিমান্ড লেটার ও ভিসা যাচাই, বিদেশে কর্মসংস্থানের ছাড়পত্র প্রদান এবং অভিবাসী কর্মীদের দ্রুত প্রেরণ সম্ভব হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মন্ত্রীর মতে, এই প্ল্যাটফর্ম ইতিমধ্যে দালালদের প্রভাব কমাতে সহায়তা করেছে এবং আশা করা যাচ্ছে যে এটি বিদেশে অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করবে।