যশোর-নড়াইল সড়কের সদর উপজেলার দায়তলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে এক কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তৌফিকুর রহমান শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
অভিযানের বিবরণ
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-নড়াইল সড়কে অভিযান চালায়। সন্দেহজনকভাবে তৌফিকুল ইসলামকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার বারের ওজন ৫৩৬ গ্রাম এবং মূল্য এক কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। এছাড়া তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ঘটনায় বিকালে গ্রেফতার তৌফিকুরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



