দিনাজপুরে শিশুদের মাঝে মেহেদি উৎসব: বন্ধুসভার ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস
দিনাজপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শিশুদের জন্য একটি ব্যতিক্রমধর্মী মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সকালে সদর উপজেলার ফকিরপাড়া এলাকায় বন্ধু জুঁই আফরোজের বাড়ির আঙিনায় এই উৎসবে অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুরা।
শিশুদের হাতে মেহেদির আলপনা
শিশুদের দুই হাত ভরে সুন্দর সুন্দর নকশায় মেহেদির আলপনা এঁকে দেন বন্ধু জান্নাত রাইয়ান, জুঁই আফরোজ, সানজিদা শিলা, তাসনিম পৌষী, রাকিব সরকার, আসিফ ইসলাম, সুম্মা বীথি ও আজমির হামজা। এ সময় শিশুরা আনন্দে মেতে ওঠে এবং বিভিন্ন ধরনের গল্প ও খুনসুটি চলতে থাকে। পুরো পরিবেশে হাসি, উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বন্ধুদের অংশগ্রহণ ও উপহার বিতরণ
পরে বন্ধুসভার বন্ধুরাও একে অপরের হাতে মেহেদি পরিয়ে দেন। উৎসবের ছবি ও ভিডিও ধারণ করেন বন্ধু আপেল মাহমুদ ও মারুফ ইসলাম। উৎসব শেষে শিশুদের হাতে মেহেদি ও ঈদের উপহারসামগ্রী তুলে দেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি শবনম মুস্তারিন ও সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়।
শিশুদের প্রতিক্রিয়া
ফকিরপাড়ার শিশু ঐতিহ্য বলে, ‘আমার মেহেদি পরতে খুব ভালো লাগছে।’ আরেক শিশু ফারিন ইসলাম বলে, ‘আমি আমার আম্মুরে কব, আমারে একটা আপু সুন্দর মেহেদি পরাইসে।’
বন্ধুসভার নেতাদের বক্তব্য
বন্ধুসভার সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘বন্ধুসভা মানেই ভালো কাজের আনন্দ। আজ শিশুদের সঙ্গে এই ছোট্ট উৎসব আমাদের মনে করিয়ে দিল, খুশি ছড়াতে খুব বড় কিছু লাগে না, দরকার শুধু আন্তরিকতা। শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন। তাদের আনন্দই আমাদের আনন্দ।’
সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। শিশুদের এই হইহুল্লোড় দেখে যেন শৈশবে ফিরে গেছি। এ জন্য বন্ধুসভার সব বন্ধুকে ধন্যবাদ জানাই।’
অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গ
উৎসবে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি কৃষ্ণ পদ বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আল আমিনসহ বন্ধুসভার অন্য সদস্যরা।



