দুই নারীর স্বাধীনতার পথ: সারা ও এলিজাবেথের গল্প
রাতের গভীরে একাকী সিগারেটের ধোঁয়া। জানালার পর্দায় পড়া আলো আর অস্থির ছায়া। সারা নিজেকে প্রশ্ন করে, একাকিত্ব কি মুক্তির আরেক নাম? সে জানে, বেঁচে থাকা মানে নিজের পথ খোঁজা, আর এই সমাজে নারীর জন্য সেই পথ প্রায়ই রক্তাক্ত। দূর ইংল্যান্ডে, এলিজাবেথও হয়তো এমনই এক রাতে নিজের মনকে জিজ্ঞেস করেছিল, একজন নারী কীভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? প্রেমের জন্য আপোশ করবে, না নিজের আত্মসম্মান ধরে রাখবে?
এক ক্যাফেতে দুই নারীর কথোপকথন
লন্ডনের এক ক্যাফের কোণে বসে আছে দুই নারী। একজন ইংরেজ এলিজাবেথ, সামনে এক কাপ চা। অন্যজন বাঙালি সারা, হাতে সিগারেটের ধোঁয়া। দুজনই যেন একে অপরের মধ্যে নিজেদের খুঁজে পেতে চাইছে।
এলিজাবেথ: তুমি সত্যিই সাহসী, সারা। সংসার, সন্তান, সমাজ; সব ছেড়ে বেরিয়ে এসেছ। কেমন লাগছে?
সারা: কখনো মনে হয় মুক্ত, কখনো মনে হয় একা। তুমি কীভাবে করেছ, এলিজাবেথ? সমাজের ভেতর থেকে লড়াই করে জিতেছ।
এলিজাবেথ: আমি সমাজ পাল্টানোর চেষ্টা করিনি, শুধু নিজের জায়গাটা খুঁজে নিয়েছি। তুমি কি মনে করো, একেবারে বেরিয়ে আসাটাই একমাত্র উপায়?
সারা: আমার কাছে সমাজটা একটা খাঁচার মতো। আমি বেছে নিয়েছি খাঁচার বাইরে আসতে। তুমি খাঁচার ভেতর থেকেও নিজেকে স্বাধীন রেখেছ। তোমার কৌশল কি বেশি বাস্তববাদী ছিল?
এলিজাবেথ: হয়তো। কিন্তু তুমি কি আসলেই মুক্ত হয়েছ, নাকি সমাজকে উপেক্ষা করতে গিয়েও তাকে তোমার জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারোনি?
সারা: এই প্রশ্নটা আমি নিজেও করি। সমাজ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু সমাজ আমাকে ভুলে যায়নি। তারা এখনো আমাকে ‘অন্যরকম’ তকমা দিয়ে রেখেছে। তোমার সমাজ কি তোমাকে মেনে নিয়েছে?
এলিজাবেথ: হ্যাঁ, কিন্তু কেবল তখনই যখন আমি প্রমাণ করেছি যে আমি কারো অধীনে নই। তুমি কি চেয়েছিলে, সমাজ তোমাকে গ্রহণ করুক?
সারা: না। আমি চেয়েছিলাম, আমি যা; তেমনই সবাই মেনে নিক, শর্ত ছাড়াই। কিন্তু এই সমাজ কোনো নারীকে শর্ত ছাড়া মেনে নেয় না, তাই না?
প্রেম, স্বাধীনতা ও সমাজের দ্বিচারিতা
সারা প্রেমে বিশ্বাস করে, তবে শর্তহীন প্রেমে। হাসিব তাকে ভালোবাসত, তার স্বাধীনতাকে সম্মান করত। কিন্তু সারা তাকে ফিরিয়ে দিয়েছে। কারণ সে ভালোবাসার মধ্যে একটা অনিবার্য দাবির ছায়া দেখেছে। এলিজাবেথের ডার্সি তাকে সম্মান করত, নিয়ন্ত্রণ করত না। কিন্তু সারার প্রশ্ন, কেউ কি তার অস্থিরতাকেও গ্রহণ করতে পারে?
এলিজাবেথ: তুমি কি মনে করো, পুরুষরা ভয় পায় এমন নারীদের, যারা নিজেদের স্বাধীনতা নিজেরাই নির্ধারণ করে?
সারা: ভয়? না, তারা বিরক্ত হয়। তারা বুঝতে পারে না। তারা মনে করে, আমাদের সমস্যাটা ঠিক কী? আমরা কেন ‘স্বাভাবিক’ হতে পারি না?
এলিজাবেথ: তাহলে কি মুক্তি মানে একাকিত্ব?
সারা: হতে পারে। অথবা একাকিত্বই হয়তো প্রকৃত স্বাধীনতার মূল্য।
দুই ভিন্ন পথের সংগ্রাম
সারা সমাজকে সম্পূর্ণ অস্বীকার করেছে। স্বামী, সন্তান, সংসার ছেড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছে। কিন্তু সমাজ তাকে ‘অন্যরকম’ তকমা দিয়েছে। “মেয়েটার লজ্জা নেই!”—এমন কথার মুখোমুখি হয়েছে সে। অন্যদিকে এলিজাবেথ সমাজের ভেতর থেকেই লড়াই করেছে। সে ভালোবাসাকে গ্রহণ করেছে আত্মসম্মানের শর্তে, সমাজের কাঠামোর মধ্যেই নিজের স্থান তৈরি করেছে।
সারার যুদ্ধটা পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে। সে চেয়েছে নারীকে শুধু নারী নয়, মানুষ হিসেবেও মেনে নেওয়া হোক। কিন্তু উপন্যাসের শেষ দিকে সে নিজেই দোলাচলে পড়ে। “I will marry again. I must get out of it.”—এই কথাগুলো ভাবায়, মুক্তির জন্য কি বিয়ে আবারও সমাধান হতে পারে?
আমলকীর মৌ: নারীর আত্ম-অনুসন্ধান
১৯৭৮ সালে প্রকাশিত আমলকীর মৌ উপন্যাস বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সমাজচিত্র তুলে ধরে। দিলারা হাশেম নারীকে একটি শ্রেণি হিসেবে উপস্থাপন করেছেন, যার অবস্থান প্রলেতারিয়েতদের কাছাকাছি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সারা উচ্চশিক্ষিত, আত্মবিশ্বাসী, কিন্তু তার রূপ ও মেধার সংযোগ সমাজের কাছে অপরাধ হয়ে দাঁড়ায়।
সারা সমাজের প্রচলিত নিয়মগুলোকে প্রশ্ন করে। তার দৃষ্টিতে নারীর স্বাধীনতার জন্য শুধু নিজস্ব কামরা নয়, ব্যাংক অ্যাকাউন্টও দরকার। অর্থনৈতিক স্বাধীনতাই ক্ষমতা দেয়। কিন্তু অর্থনৈতিক ভিত্তি মজবুত হলেই কি সমাজের সব আচার ভাঙা যায়? সারা প্রতিদিন টের পায়, যায় না।
মুক্তির সংজ্ঞা: ব্যক্তিগত সংগ্রাম
সারা ও এলিজাবেথের গল্প আমাদের শেখায়, মুক্তির সংজ্ঞা একরকম নয়। সারা সমাজকে অস্বীকার করে একাকিত্ব বেছে নিয়েছে। এলিজাবেথ সমাজের ভেতর থেকেই নিজের স্থান তৈরি করেছে। কে বেশি স্বাধীন? এই প্রশ্নের উত্তর সহজ নয়।
ক্যাফের বাইরে হালকা বৃষ্টি নামছে। সারা শেষ সিগারেটটায় টান দিয়ে জানালার দিকে তাকায়। এলিজাবেথ চায়ের কাপ নামিয়ে রাখে। দুজনের চোখে একই প্রশ্ন—স্বাধীনতার পথ কি একটাই, নাকি পথ যত বেশি, শৃঙ্খল তত গভীর?
নারীর মুক্তি কি সমাজকে পুরোপুরি অস্বীকার করতে হবে, নাকি সমাজের ভেতর থেকেই নিজের জায়গা তৈরি করতে হবে? আমলকীর মৌ উপন্যাস এই জটিল প্রশ্নই তুলে ধরে, যার উত্তর প্রতিটি নারীর ব্যক্তিগত সংগ্রামের মধ্যেই নিহিত।
