মীরসরাইয়ে চার দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
মীরসরাইয়ে চার দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় গত চার দিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ সাজিদ (১.৫) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আহসানুল কবিরের সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সাজিদ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত কয়েক দিনের ঘটনা

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। তারও আগে বুধবার দুপুরে একই ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় মাহিয়া আনোয়ারা আনিসা (১০)। এ ছাড়া গত ১৯ মে (মঙ্গলবার) উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পানিতে ডুবে মুনতাসিন (৮) নামে আরো এক শিশুর মৃত্যু হয়।

চিকিৎসকের বক্তব্য

সম্প্রতি একাধিক পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, ‘অভিভাবকদের অসচেতনতা এবং শিশুদের সাঁতার না জানার কারণে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটছে।’ তিনি শিশুদের প্রতি যথাযথ নজরদারি ও সময়মতো সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ