শিশু নির্যাতনকারীর মনস্তত্ত্ব: গভীরে লুকানো বিকৃত চিন্তা
শিশু নির্যাতনের নির্মম ঘটনা দেখলে আমাদের মনে প্রশ্ন জাগে: নির্যাতনকারী কি মানুষ? কীভাবে তারা শিশুকে এত নির্মমভাবে নির্যাতন করতে পারে? তাদের কি দয়ামায়া নেই? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের শিশু নির্যাতনকারীর মনস্তত্ত্ব বুঝতে হবে। মানুষ হঠাৎ একদিনে নির্যাতনকারী হয়ে ওঠে না; এর পেছনে থাকে দীর্ঘদিন ধরে জমে ওঠা বিকৃত চিন্তা, ভুল বিশ্বাস এবং নৈতিকতার প্রতি বোধহীন হয়ে যাওয়ার প্রক্রিয়া।
বিকৃত চিন্তা ও নৈতিক বিচ্ছিন্নতা
মনোবিজ্ঞানে, এই প্রক্রিয়াকে Cognitive distortions এবং Moral disengagement বলা হয়। নির্যাতনকারী নিজেকে খারাপ মানুষ হিসেবে দেখে না; বরং মনে করে সে 'ছোটখাটো অন্যায় করছে' বা 'খুব খারাপ কিছু করছে না'। এই দ্বৈত বাস্তবতার মধ্যে শিশু নির্যাতনের বীজ রোপিত হয়। যখন তারা দেখে যে নির্যাতন করে পার পাওয়া যায় বা শাস্তি হয় না, তখন সামাজিক উপাদানগুলো তাদের অপরাধ প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে।
শারীরিক ও মানসিক নির্যাতনের মানসিক চিত্র
শিশুদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতনের ক্ষেত্রেও একই ধরনের মানসিক চিত্র দেখা যায়। অনেক অভিভাবক মনে করেন, 'আমাদের সময় তো আরও বেশি মারা হতো, আমরা তো ঠিক আছি'। তারা নিজের শৈশবের ব্যথাকে স্বাভাবিক বলে মানিয়ে নেয় এবং মারধরকে শিক্ষা ও শৃঙ্খলার একমাত্র কার্যকর উপায় হিসেবে বিশ্বাস করে। সামাজিকভাবে 'মারধর ছাড়া বাচ্চা মানুষ হয় না'—এ ধরনের বার্তা তাদের ব্যক্তিগত নীতিতে পরিণত হয়।
নিজের কাজকে আলাদা করে দেখা
নির্যাতনকারীরা প্রায়ই নিজের সহিংস আচরণকে 'অ্যাবইউজ' থেকে আলাদা করে দেখে। তারা মনে করে, 'আমি তো রোজ মারি না, শুধু একটু ধমক দিই'। এভাবে তারা নিজের আচরণকে তুলনার মাধ্যমে ছোট করে, যেন মনে হয় 'আমি তো অতটা খারাপ না'। অনেক সময় শিশু, সময় বা সমাজকে দোষী বানিয়ে নিজের ক্রোধ ও সহিংসতাকে যৌক্তিক প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়।
দায় অন্যের ওপর চাপানো
নৈতিক বিচ্ছিন্নতার আরেকটি দিক হলো দায় অন্যের ওপর চাপানো বা 'ব্লেম শিফটিং'। অনেক যৌন নির্যাতনকারী বলে, 'আমি আসলে চাইনি, কিন্তু ও এমন আচরণ করেছে'। এতে শিশুকে তার পোশাক বা আচরণের জন্য দোষী বানানো হয়। আবার কেউ কেউ পরিস্থিতিকে দায়ী করে, যেমন 'খেয়েছি, নেশা করেছিলাম' বা 'আমার এত স্ট্রেস'। কিন্তু বাস্তবে সবসময়ই সিদ্ধান্ত নেওয়ার একটি মুহূর্ত থাকে, যেখানে অন্য পথ বেছে নেওয়া সম্ভব ছিল।
নিয়ন্ত্রণহীনতার ভাবনা
অনেক অপরাধী বিশ্বাস করে যে তাদের যৌন আকাঙ্ক্ষা বা রাগ তারা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা নিজেদের ইমপালসিভ বা নিয়ন্ত্রণহীন বলে কল্পনা করে, যা অপরাধবোধ কমায় এবং নিজের ওপর কাজ করার প্রেরণা কেড়ে নেয়। কিন্তু বাস্তবে, একই ব্যক্তি সামাজিক পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করে চলে, নির্দিষ্ট দুর্বল ও নিরাপদ পরিস্থিতি বেছে নেয় যেখানে প্রতিরোধ কম।
শৈশবের অভিজ্ঞতা ও সামাজিক প্রভাব
শৈশবে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরা অনেক সময় ক্ষমতা, স্নেহ ও সহিংসতার সম্পর্ক নিয়ে বিকৃত স্ক্রিপ্ট শিখে ফেলে। তবে সব ভুক্তভোগী নির্যাতনকারী হয় না; অনেকেই বিপরীত পথে যায়। সামাজিকভাবে 'বড়রা যা করবে তা-ই ঠিক' বা 'পরিবারের ভেতরের ব্যাপারে বাইরে কেউ কথা বলতে পারে না'—এ ধরনের ধারণা নির্যাতনকারীর নৈতিক সমালোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে।
দ্বৈত বাস্তবতা ও আত্ম-ন্যায্যতা
ধীরে ধীরে এই বিকৃত বিশ্বাস একজন মানুষের ভেতরের নৈতিক ভিত্তিকে অসাড় করে দেয়। তারা একদিকে ধর্মকর্ম করে, অন্যদিকে গোপনে শিশু নির্যাতন চালায়। তারা নিজের কাছে যুক্তি বানিয়ে রাখে, 'বাকি সব ক্ষেত্রে আমি ভালো, এটা শুধু ছোট একটা ভুল'। এই আত্ম-ন্যায্যতার দেয়াল ভাঙা খুব কঠিন, কারণ এর জন্য গভীর থেরাপি, আত্মসমালোচনা ও সমাজের কঠোর নৈতিক ভাষার সমন্বয় প্রয়োজন।
প্রতিরোধের উপায়
শিশু নির্যাতন প্রতিরোধে শুধু আইনের কড়াকড়ি যথেষ্ট নয়। মানুষের ভেতরের বিকৃত ভাবনাগুলো কোথায় অন্যায়ের পাশে দাঁড়াচ্ছে, তা স্পষ্ট করে দেখা দরকার। প্যারেন্টিং শিক্ষা, শিশু নির্যাতন ও সম্মতি নিয়ে খোলামেলা আলোচনা, এবং পরিবারে ক্ষমতা ও সম্পর্ক নিয়ে সচেতনতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ। সামাজিকভাবে স্পষ্ট করে বলা দরকার যে শিশু কোনও মানুষের 'সম্পত্তি' নয় এবং তাকে আঘাত করা কখনোই গ্রহণযোগ্য নয়। দক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় সামাজিক চিন্তা-বদলের প্রচারাভিযান চালানো হলে, নতুন করে নির্যাতনের চক্র শুরু হওয়ার আগে তা থামানো সম্ভব হতে পারে।
