বিশ্বকাপ অনুশীলনে রোনালদো, দিলেন নতুন বার্তা
বিশ্বকাপ অনুশীলনে রোনালদো, দিলেন নতুন বার্তা

২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর অনেকেই পর্তুগাল দলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখেছিলেন। সেই শঙ্কা একেবারেই অমূলক ছিল না। কারণ চার বছর পর ২০২৬ বিশ্বকাপে তার বয়স ৪১ পেরিয়ে যাবে। এই বয়সে কীভাবে তিনি আরেক বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখবেন। কিন্তু রোনালদো অসম্ভবকে সম্ভব করে বর্তমানে বিশ্বকাপের মঞ্চে হাজির হলেন। সেই সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে নতুন এক বার্তা জানান দিলেন তিনি।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ

রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন রোনালদো। এবার বিশ্বকাপে মাঠে নামার পর লিওনেল মেসির সঙ্গে তিনিই হবেন যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার। আগের পাঁচ বিশ্বকাপে রোনালদো সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ২২টি এবং গোল করেছেন ৮টি।

অনুশীলনে যোগ দিয়ে বার্তা

সব শঙ্কা উড়িয়ে আরেকটি বিশ্বকাপ খেলতে মাঠে নামতে এখন সময়ের অপেক্ষা রোনালদোর। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এ ফরোয়ার্ড গতকাল সোমবার (১ জুন) রাতে পর্তুগালের অনুশীলনেও যোগ দিয়েছেন। অনুশীলনে যোগ দেওয়ার খবর সামাজিক মাধ্যমে নিজেই একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন রোনালদো। সেই পোস্টে অনুশীলনে যোগ দেওয়া ছবি দিয়ে ক্যাপশনে রোনালদো লিখেছেন— ‘বিশ্বকাপ মিশন শুরু।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধরা বিশ্বকাপ শিরোপা

রোনালদো এবার পাখির চোখ করবেন বিশ্বকাপ ট্রফিকে। দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব কিছু অর্জন করলেও অধরা রয়েছে বিশ্বকাপ শিরোপা। সেই অধরা স্বপ্ন পূর্ণ করেই ফুটবলকে বিদায় জানাবেন ‘সিআর সেভেন’; এমন প্রত্যাশা অনেকেরই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোচের মন্তব্য

পর্তুগালের কোচ মার্তিনেজ এক সাক্ষাৎকারে দাবি করে বলেছেন, রোনালদোর ক্ষুধাই তাকে এ পর্যায়ে টিকিয়ে রেখেছে। তিনি বলেন, আমার বিশ্বাস, ক্রিশ্চিয়ানো রোনালদো কোনো নির্দিষ্ট শিরোপা জেতার জন্য খেলে না, সেটি দলীয় হোক কিংবা ব্যক্তিগত। তার আসল রহস্য হলো ক্ষুধা। সে যাই জিতুক না কেন, পর দিনও নিজেকে আরও উন্নত করার একই তাড়না নিয়ে মাঠে নামে।

মার্তিনেজ বলেন, আমার মনে হয়, এ লক্ষ্যই একজন খেলোয়াড়কে এত দীর্ঘ সময় ধরে সেরা পর্যায়ে টিকে থাকতে সাহায্য করে। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, যারা চ্যাম্পিয়নস লিগ বা ব্যালন ডি’অর জয়ের পর দিন আর আগের মতো ক্ষুধার্ত থাকে না।

২০৩০ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্তিনেজ বলেন, ‘সে এর জন্য লড়াই করবে। অন্তত এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমি মনে করি, সে এ অধিকার অর্জন করেছে।’

পর্তুগালের বিশ্বকাপ সূচি

উল্লেখ্য, আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান এবং ২৮ জুন পর্তুগাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে।