সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ফেসবুক-নির্ভর হলে হবে না। ফেসবুক হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো।
মন্ত্রীর বক্তব্য
রবিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। গতকাল থেকে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে। মন্ত্রণালয় থেকেও বিবৃতি দেওয়া হয়েছে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো সব মিডিয়া ভাই-বোনদের জিজ্ঞেস করতে পারি না, আপনাদের ইনফরমেশনটা কী? মূলত, আমরা আপনাদের অপেক্ষায় থাকি। কিন্তু গুজব ছড়ায় কে? আপনাদের সতীর্থরাই। আশা করবো, গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেওয়া হয়। এটা আপনারা ইতোমধ্যে জেনেছেন।
টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ছড়ানো
‘বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ছড়ানো হচ্ছে’— এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এভাবে ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে। এটা আপনারও দায়িত্ব রয়েছে, একটি নিউজ দেওয়ার আগে সেটিকে ভেরিফাই করার। আপনাদের সবারই দায়িত্বটা আছে। আপনারা দায়িত্ব পালন করেন। আর আমরা আপনাদের কথা শুনে, সচেতন রয়েছি। আমরাও এগুলো দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে। তবে গুজব যেন না ছড়ায়, সে জন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইলো।
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বার্তা
‘পরীক্ষা যে সুষ্ঠুভাবে হচ্ছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের কী বলে আশ্বস্ত করবেন’ প্রশ্নে এহছানুল হক মিলন বলেন, আমরা ননস্টপ বলে যাচ্ছি, আমাদের সব চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য। এই গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ করে, মিডিয়া সচেতন হলে এটা হতো না। পার্টিকুলারলি কাল কি একটি মিডিয়া এটা করেনি? পার্টিকুলারলি এই মিডিয়ার কি দায়িত্ব ছিল না ভেবে দেখা, খুঁজে দেখা, সত্যতা যাচাই করা?
আর ফেসবুকের ওপর নির্ভর হলে হবে না। ফেসবুক হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো। ইনস্ট্যান্ট বের হচ্ছে, মন্তব্য হচ্ছে। কফি খেতে একটু সময় লাগে, ঠান্ডা হতে হয়, কিন্তু এ ক্ষেত্রে তাও হচ্ছে না। যেভাবে অন্যান্য মিডিয়া, কয়েকটি মিডিয়া সেই ভিডিওগুলোকে আবার রেকর্ড করে পুনঃপ্রচার করছে এবং তাদের পারসোনাল ফেসবুকে করছে; ওই টেলিভিশন এটাকে উইথড্র করার পরও, গুজব নিশ্চিত হওয়ার পরও ওরা করেছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে।
সবার প্রতি আহ্বান
সবাইকেই সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাবাইকে সচেতন থাকতে হবে। তা না হলে বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। আশা করবো, এই ক্ষতি আমাদের কারণে যেন না হয়, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।



