কুমিল্লায় মায়ের হাত থেকে পিছলে ড্রেনে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু
মায়ের হাত থেকে পিছলে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায়

কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় মায়ের হাত ধরে হাঁটার সময় ড্রেনে পড়ে স্মৃতি আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

ঘটনার বিবরণ

স্মৃতি আক্তার জেলার লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার রাতে মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নগরীর ছোটরা মফিজাবাদ কলোনিতে আসে সে। অনুষ্ঠান শেষে রাতে মা কোহিনুর আক্তারের সঙ্গে বাসায় ফিরছিল শিশুটি। রাস্তায় জলাবদ্ধতায় রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকেন মা-মেয়ে। হঠাৎ মায়ের হাত থেকে পিছলে ড্রেনে পড়ে যায় স্মৃতি।

উদ্ধার ও প্রতিক্রিয়া

প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ছোটরা এলাকায় ড্রেনের উপরের অধিকাংশ স্ল্যাব ভেঙে গেছে। রাতের অন্ধকারে প্রায়ই পথচারীরা ফাঁদে পড়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নগরীর ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। শিশুর লাশ উদ্ধার করেছি। এটা অত্যন্ত বেদনাদায়ক। ড্রেনের উপরের স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করা দরকার।"

সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, "স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়েছি। ওই এলাকার ড্রেনের উপর স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করা হবে।"

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, "এ বিষয়ে কোনো অভিযোগ করেনি শিশুর পরিবার।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ