২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে— এমন এজেন্সিগুলোকে ২০২৭ সালের হজ কার্যক্রম থেকে একবছরের জন্য বিরত রাখা হবে। এছাড়া, চলতি বছর কোনও হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সিগুলোও আগামী বছরের হজে অংশ নিতে পারবে না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এসব এজেন্সিকে একবছরের জন্য হজ কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যোগ্য তালিকায় ৭৫৮টি এজেন্সি
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৬ মৌসুমে হজ কার্যক্রম পরিচালনার জন্য ৭৫৮টি হজ এজেন্সির নাম যোগ্য তালিকায় প্রকাশ করা হয়েছিল। ওই তালিকার শর্ত অনুযায়ী, কোনও এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে প্রত্যেক এজেন্সিকে কমপক্ষে একজন হজ গাইডের সমসংখ্যক অর্থাৎ ৪৬ জন হজযাত্রী নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও এতে জানানো হয়েছে।
ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন বাধ্যতামূলক
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী একটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। এ সংখ্যা পূরণ হলে অন্য এজেন্সির সঙ্গে সমন্বয় করা যাবে। অন্যথায় হজযাত্রীদের অন্য কোনও এজেন্সিতে স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।
টানা তিন বছর কম নিবন্ধনে শাস্তি
মন্ত্রণালয় জানায়, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে, এমন এজেন্সিগুলোকে ২০২৭ সালের হজ কার্যক্রম থেকে একবছরের জন্য বিরত রাখা হবে। একইসঙ্গে ২০২৬ সালের যোগ্য তালিকাভুক্ত ৭৫৮টি এজেন্সির মধ্যে যেসব এজেন্সি কোনও হজযাত্রী নিবন্ধন করেনি, সেগুলোকেও আগামী বছরের হজ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।



