লোহাগাড়ায় বাসের জানালা দিয়ে মাথা বের করায় কলেজছাত্রীর মৃত্যু
লোহাগাড়ায় বাসের জানালা দিয়ে মাথা বের করায় মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাস পাশাপাশি অতিক্রমের সময় বাসের জানালা দিয়ে মাথা বের করায় সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারসংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহণের একটি বাস ও চট্টগ্রামমুখী পূরবী পরিবহণের একটি বাস পাশাপাশি অতিক্রম করছিল। এ সময় পূরবী পরিবহণে থাকা সুমাইয়া জানালা দিয়ে মাথা বের করলে তার মাথায় বিপরীত দিক থেকে আসা ইম্পেরিয়াল পরিবহণের বাসের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক ডা. সাইমুন সিরাজ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয়

নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সরলিয়া বাজার এলাকার বাসিন্দা মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের নানা মনসুর আলম জানান, সুমাইয়ার বাবার চাকরির সুবাদে পরিবারের সদস্যরা কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করেন। মঙ্গলবার সকালে মালুমঘাট থেকে চট্টগ্রামে কলেজে যাওয়ার পথে চুনতিতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ