জুলাই অভ্যুত্থান ঘিরে বিতর্ক: ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, আরও দুইজন অব্যাহতি
জুলাই অভ্যুত্থান: ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, দুইজন অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সোমবার রাতে জুলাই অভ্যুত্থান ঘিরে ‘বিতর্কিত কর্মকাণ্ড’ ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং আরও দুজনকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত ও অব্যাহতি

জানা যায়, জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যৌননিপীড়নের অভিযোগে চাকরিচ্যুতির সুপারিশ

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে ছাত্রদের যৌননিপীড়নের অভিযোগের ‘সত্যতা মেলায়’ তাকে চাকরিচ্যুত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি, যা সিন্ডিকেট সভার অনুমোদন পেয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপ-উপাচার্যের বক্তব্য

সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘যে তিনজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান ঘিরে নানা অভিযোগ ছিল। আর অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি ও নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে একাডেমিক কমিটির সুপারিশ ছিল। সেই আলোকে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডাকসু নির্বাচনের জিএস পদ বাতিল

এছাড়াও ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত গোলাম রাব্বানীর ছাত্রত্ব বৈধ না থাকায় তার পদ বাতিলের সিদ্ধান্ত আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন উপ-উপাচার্য। তিনি জানান, গোলাম রাব্বানীর জিএস পদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে এবং তার স্থলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে জিএস ঘোষণা করা যাবে কি না সেটিও যাচাই-বাছাই করার বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।