জামান হত্যা মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
জামান হত্যা মামলায় খালাস পাওয়া ৮ আসামির আত্মসমর্পণ নির্দেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুর এলাকায় ২০০৭ সালে সংঘটিত জামান হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া আট আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের খালাসের রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আদালতের আদেশ

মঙ্গলবার (২৩ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামানের বোন হাওয়া আক্তারের করা রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মোস্তফা জামাল ভূঁইয়া।

মামলার বিবরণ

আইনজীবী মো. মোস্তফা জামাল ভূঁইয়া সাংবাদিকদের জানান, ২০০৭ সালের ২৩ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান (২২) খুন হন। ঘটনার পরদিন তার বাবা বরজু মিয়া করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিরা হলেন—একই এলাকার রফিক, রাকিব, ছিদ্দিক, গোলাপ মিয়া, রনজু মিয়া, দুঃখু মিয়া, রিপন মিয়া ও রানু মিয়া।

বিচারিক আদালতের রায়

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ৩ জুন কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবরিনা আলী মামলার সব আসামিকে খালাস দিয়ে রায় দেন।

পরে ওই রায়ের বিরুদ্ধে জামানের বোন ও মামলার সাক্ষী হাওয়া আক্তার হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করার পাশাপাশি আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ