জয়পুরহাটের ক্ষেতলালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দ্রুতগামী মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন খন্দকার (২৬) ও তার হারুঞ্জা গ্রামের ফেরদৌস হোসেন (১৩)। ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক দুপুর ১২টায় ইমন খন্দকার তার বাড়ি থেকে স্ত্রী সুরাইয়া বেগম (১৯) ও শ্যালক ফেরদৌসকে নিয়ে মোটরসাইকেলযোগে জেলার পাঁচবিবিতে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা নামক স্থানে পৌঁছালে সেখানে সড়কে শুকানোর জন্য বিছিয়ে রাখা অর্ধভেজা ধানের খড়ে মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে সড়কের উপর পড়ে যান। ঠিক ওই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মিনি ট্রাক তাদের চাপা দেয়। এতে দুলাভাই ইমন ঘটনাস্থলেই মারা যান এবং তার শ্যালক ফেরদৌস ও স্ত্রী আহত হন।
আহতদের অবস্থা
পরে স্থানীয়রা গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে জয়পুরহাটের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। অন্যদিকে নিহত ইমনের স্ত্রী সুরাইয়া বেগমকে নিকটবর্তী কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।



