দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিয়ের দাবিতে ৬০ বছরের এক বৃদ্ধের বাড়িতে অবস্থান নেন ৪৮ বছরের এক নারী। বুধবার সকাল থেকে এমাজুল হকের বাড়ির সামনে ওই নারী অবস্থান নিলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশের হস্তক্ষেপ ও থানায় নেওয়া
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই নারীসহ বৃদ্ধকে থানায় নিয়ে আসেন পুলিশ। পরে বৃহস্পতিবার মধ্যরাতে পারিবারিকভাবে মীমাংসা করার অনুরোধে দুই পরিবারের হাতে তাদের তুলে দেওয়া হয়।
ওই নারী হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাসিন্দা। এমাজুল হক ও ওই নারী সম্পর্কে দেবর-ভাবি।
স্থানীয় প্রশাসনের বক্তব্য
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন। তিনি জানান, এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথা হয়। ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। ওই নারী বিয়ের চাপ দিলে এমাজুল রাজি না হওয়ায় তিনি বাড়ির সামনে অনশন শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাকিমপুর থানার পুলিশ। সেখানে লোকজনের ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে আসে।
পারিবারিক আলোচনা ও সমাধানের উদ্যোগ
ওসি জানান, এমাজুল হক কৃষিকাজ করেন। তিনি এক সন্তানের জনক এবং ওই নারী তিন সন্তানের জননী। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।
আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয়পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে মেয়েপক্ষের কোনো অভিভাবক এখন পর্যন্ত তার কাছে আসেনি। পরে বিষয়টি বিস্তারিত জানা যাবে।



