সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরেছেন
সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় ফিরেছেন

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে মাচালং বাজার ও বাঘাইহাট বাজার এলাকায় নৌকা দিয়ে পার করে এরপর সড়কপথে তাঁদের নিরাপদ গন্তব্যে পাঠানো হয়।

কীভাবে উদ্ধার কাজ পরিচালিত হলো

সাজেক কটেজ ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাঙামাটির দীঘিনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়। এতে সাজেকে প্রায় ৫৬১ জন পর্যটক আটকা পড়েন।

আজ বিকেলে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে পানিতে ডুবে থাকা সড়কগুলোতে নৌকার মাধ্যমে পর্যটকদের পারাপারের ব্যবস্থা করা হয়। প্রথম দফায় সাজেক ছেড়ে যাওয়া ১৫০ জন পর্যটকের মধ্যে প্রায় ১০টি শিশু, ১০০ জন পুরুষ ও ৪০ জন নারী রয়েছেন। যাঁদের জরুরি কাজ ছিল, মূলত তাঁরাই প্রথম দফায় সাজেক ত্যাগ করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের ভূমিকা ও পর্যটকদের অবস্থা

সাজেক কটেজ ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘জরুরি কাজ ছিল, এমন একদল পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছে। তবে এখনো অনেক পর্যটক সেখানে অবস্থান করছেন। আমরা রিসোর্টের মালিকেরা তাঁদের বিনা মূল্যে থাকার ব্যবস্থা করে দিলেও বিপুলসংখ্যক মানুষের খাওয়ার খরচ দেওয়া সম্ভব হয়নি। খাবার খরচ পর্যটকদের নিজেদেরই বহন করতে হচ্ছে।’

পরবর্তী পদক্ষেপ

রাঙামাটি জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালমান জানান, সাজেকে আটকে পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০ জন ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ত্যাগ করেছেন। সেখানে এখনো চার শতাধিক পর্যটক অবস্থান করছেন। বাকি যাঁরা আছেন, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ