শিশু নির্যাতনে অদৃশ্য বাস্তবতা: পথশিশু ও ছেলেশিশুর প্রতি সহিংসতা আলোচনার প্রান্তে
দেশে শিশু নির্যাতন নিয়ে সাম্প্রতিক জন-আলোচনায় একটি লক্ষণীয় বৈপরীত্য ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। কন্যাশিশুর প্রতি সহিংসতা যথার্থভাবেই নৈতিক উদ্বেগের কেন্দ্রে অবস্থান করলেও পথশিশু ও ছেলেশিশুর প্রতি প্রতিদিনের সহিংসতা, শোষণ এবং অবহেলা থেকে যায় আলোচনার প্রান্তে। এই অদৃশ্যতা কেবল তথ্যের ঘাটতি নয়, বরং এটি একটি সামাজিকভাবে নির্মিত দৃষ্টির সীমাবদ্ধতা, যেখানে সব সহিংসতা সমানভাবে দৃশ্যমান হয়ে ওঠে না।
সাম্প্রতিক প্রতিবেদন ও অদৃশ্য বাস্তবতা
সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনগুলো এই অদৃশ্য বাস্তবতার আংশিক উন্মোচন করে। পথশিশুদের জীবনের যে চিত্র উঠে এসেছে তাতে দেখা যায় যে তারা নিয়মিতভাবে শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা, মাদক চক্রে জড়িয়ে পড়া এবং প্রাতিষ্ঠানিক হয়রানির শিকার হয়। কিন্তু এই সহিংসতাগুলো ধারাবাহিকভাবে জন-আলোচনার কেন্দ্রে প্রবেশ করতে পারে না, বরং সেগুলো প্রান্তিক বাস্তবতা হিসেবেই থেকে যায়।
বিবিসি নিউজ বাংলার প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে ছেলেশিশুরা যৌন নির্যাতনের শিকার হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা প্রকাশিত হয় না। সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীর ওপর সংঘটিত গুরুতর যৌন সহিংসতার ঘটনাটি কেবল তখনই জনসমক্ষে আসে, যখন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী এই সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন মাদ্রাসার সুপার বা তত্ত্বাবধায়ক, যা প্রাতিষ্ঠানিক ক্ষমতার অপব্যবহারের একটি স্পষ্ট উদাহরণ।
তাত্ত্বিক বিশ্লেষণ ও সামাজিক নির্মাণ
এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এমন এক পুনরাবৃত্ত বাস্তবতার অংশ, যা আমরা জানি কিন্তু দেখতে শিখিনি। এই সংকট ঘটনাগত নয় বরং জ্ঞানতাত্ত্বিক। আমরা কীভাবে সহিংসতাকে দেখি এবং কেন কিছু সহিংসতা আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে, আর কেন কিছু থেকে যায় অদৃশ্য?
আমরা পুরুষের ওপর যৌন সহিংসতা দেখতে পাই না, কারণ আমাদের চিন্তাজগৎই ছেলেশিশু বা পুরুষকে ভুক্তভোগী হিসেবে কল্পনা করতে শেখেনি। আর এই না শেখাটিও চরম রাজনৈতিক একটি বিষয়, কারণ এটি সেই দ্বৈত চিন্তাকেই টিকিয়ে রাখে, যেখানে সমাজের এক পক্ষ স্বাভাবিকভাবেই ক্ষমতাবান, আর অন্য পক্ষ সম্পূর্ণ ক্ষমতাহীন।
এই না দেখার পেছনে কাজ করে একটি নির্বাচিত দৃষ্টি, যেখানে সহানুভূতি নিজেই একটি বাছাই করা কাঠামোর ভেতর বিতরণ হয়। সমাজ-বৈজ্ঞানিকভাবে একে কম্প্যাশন হায়ারার্কি বা সহানুভূতির স্তরবিন্যাস হিসেবে বোঝা যায়। যেখানে কিছু ভুক্তভোগীর প্রতি দ্রুত নৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আর কিছু ভুক্তভোগী ‘স্বাভাবিকীকরণের’ মধ্যে পড়ে।
আইনি সীমাবদ্ধতা ও কাঠামোগত সমস্যা
এই অদৃশ্যতা আইনগত কাঠামোর মধ্যেও গভীরভাবে প্রোথিত। পেনাল কোড ১৮৬০ এর ৩৭৫ ধারায় ধর্ষণের সংজ্ঞা নারীভিত্তিক হওয়ায় পুরুষ বা ছেলেশিশু আইনগতভাবে ধর্ষণের ভুক্তভোগী হিসেবে স্বীকৃতি পায় না। ফলে তাদের অভিজ্ঞতা আইনের ভাষায় নামহীন থেকে যায়।
এই সীমাবদ্ধতাকে আংশিকভাবে পূরণ করার জন্য পেনাল কোডের ৩৭৭ ধারার আশ্রয় নেওয়া হলেও, এটি একটি মৌলিক আইনি শূন্যতা তৈরি করে। কারণ, এই ধারা মূলত ক্রিয়াটিকে অপরাধ হিসেবে চিহ্নিত করে, কিন্তু ভুক্তভোগীর অভিজ্ঞতা, সম্মতি এবং ক্ষমতার অসম সম্পর্ককে আলাদা করে চিহ্নিত করে না। ফলে যৌন সহিংসতা একটি ক্ষমতার প্রশ্ন হিসেবে নয়, বরং একটি অস্বাভাবিক আচরণ হিসেবে প্রতিফলিত হয়।
সামাজিকীকরণ ও গণমাধ্যমের ভূমিকা
পথশিশুরা প্রায়ই রাষ্ট্রের দৃষ্টিতে অসম্পূর্ণ নাগরিক। তাদের জন্মনিবন্ধন নেই, স্থায়ী ঠিকানা নেই এবং সামাজিক পরিচয় অনিশ্চিত। ফলে তাদের প্রতি সহিংসতা কেবল ব্যক্তিগত নয়, এটি অত্যন্ত কাঠামোগত।
অন্যদিকে পুরুষত্বের সামাজিকীকরণ ছেলেশিশুকে শেখায় যে কাঁদা যাবে না, দুর্বলতা দেখানো যাবে না এবং সবকিছু সহ্য করতে হবে। এই সামাজিকীকরণ তাদের সহিংসতার শিকার হওয়ার পরও নীরব থাকতে বাধ্য করে। যার ফলে সহিংসতা কেবল ঘটেই না, তা নীরবতার মাধ্যমে প্রতিনিয়ত পুনরুৎপাদন হয়।
গণমাধ্যমও এই নির্বাচিত দৃষ্টিকে পুনরুৎপাদন করে। কিছু সহিংসতা সংবাদযোগ্য হয় এবং কিছু একেবারেই বাদ পড়ে যায়। ফলে সহানুভূতিও পরিণত হয় একটি সীমিত সম্পদে। এ যেন এক কম্প্যাশন ইকোনমি বা সহানুভূতির অর্থনীতি, যেখানে সব কষ্ট সমানভাবে মূল্যায়িত হয় না।
উপসংহার: দৃষ্টির প্রশ্ন ও ভবিষ্যৎ
অতএব, প্রশ্নটি কেবল সহিংসতার নয়, এটি আমাদের দৃষ্টিরও প্রশ্ন। আমরা কীভাবে সহিংসতা দেখি এবং কীভাবে সহিংসতা দেখতে শিখি, সেটা জরুরি বিষয়। কারণ, আমরা যা দেখি না, সেটিই মূলত সহিংসতাকে সবচেয়ে কার্যকরভাবে সমাজে টিকিয়ে রাখে।
ছেলেশিশুর যৌন সহিংসতায় আমাদের সামষ্টিক প্রতিবাদ করার কোনো সুযোগই যেন তৈরি হয় না, কারণ আমরা দুর্বল পুরুষকে কোনোভাবেই স্বীকার করতে চাই না। আমাদের এই অস্বীকার তাদের ওপর হয়ে আসা সহিংসতাকে নীরবেই টিকিয়ে রাখে। আর এই যৌন সহিংসতাকে আমরা দিনের পর দিন অস্বীকার করি বলেই তারা গড়ে ওঠে এমন এক অস্তিত্ব হিসেবে, যারা প্রতিবাদে না বলতে পারে না। আর এই না বলতে না পারার দীর্ঘ অভ্যাসের ভেতরেই তাদের ভেতর আজীবন জমতে থাকে প্রবল দমন, ক্ষোভ ও নীরব ক্রোধ।



