বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণের শিকার হয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১২) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। নন্দীগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা মঙ্গলবার সকালে মেয়ের বান্ধবীর বাবা অভিযুক্ত দোলা হোসেনের (৩৫) বিরুদ্ধে থানায় মামলা করেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, পেশায় আইসক্রিম বিক্রেতা দোলা হোসেন নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। ওই স্কুলছাত্রী গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে বান্ধবীর বাড়িতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকায় বান্ধবীর বাবা দোলা হোসেন ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। লোকলজ্জা ও প্রাণের ভয়ে শিশুটি বিষয়টি গোপন করে রাখে এতদিন।
শারীরিক পরিবর্তন ও চিকিৎসা
সম্প্রতি স্কুলছাত্রীর শরীরে পরিবর্তন দেখা দেয়। গত ২৪ মে শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। পরবর্তীতে আলট্রাসনোগ্রাফি করা হলে রিপোর্টে দেখা যায়, শিশুটি চার মাসের অন্তঃসত্ত্বা। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। শেষমেশ উপায় না পেয়ে ভুক্তভোগীর মা মঙ্গলবার সকালে নন্দীগ্রাম থানায় অভিযুক্ত দোলা হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশের বক্তব্য
বিকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ধর্ষণের শিকার ছাত্রীর মা থানায় একমাত্র আসামির বিরুদ্ধে মামলা করেছেন। আসামি দোলা হোসেন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।’



