হাতিয়ায় বিয়ের প্রলোভনে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের কথা বলে ডেকে নিয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।
মামলা দায়ের ও পুলিশি তদন্ত
ওই নারী আজ বুধবার বিকেলে প্রথমে হাতিয়া থানায় মৌখিক অভিযোগ করেন। পরে রাতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। হাতিয়া থানা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই নারী তিন সন্তানের জননী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে তাঁর তিন বিয়ে হয়েছিল। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। এরপরের দুটি বিয়ে টেকেনি। সর্বশেষ নলচিরা ইউনিয়নের এক যুবকের সঙ্গে ওই নারীর পরিচয় হয়।
ঘটনার বিবরণ
যার সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি তাঁকে বিয়ে করার কথা বলে উপজেলার আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নলচিরা এলাকায় নিয়ে যান। সেখানে নেওয়ার পর নারীর পরিচিত ব্যক্তিসহ তিনজন তাঁকে স্থানীয় একটি তরমুজখেত পাহারা দেওয়ার টংঘরে নিয়ে ধর্ষণ করেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের নাম-পরিচয় তিনি পুলিশকে দিয়েছেন। অন্য দুজনের নাম-পরিচয় জানাতে পারেননি।
পুলিশের পদক্ষেপ
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নারীর প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আজ বিকেলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি আরও বলেন, পুলিশ গুরুত্বের সঙ্গে অভিযোগ তদন্ত করছে। অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার লক্ষ্যে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল বৃহস্পতিবার জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে উদ্বেগ ছড়িয়েছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
