ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ধাওয়া, তিন দিনমজুর আটক
ফরিদপুরে আওয়ামী লীগের মিছিলে ধাওয়া, তিন দিনমজুর আটক

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাড়াকৃত দিনমজুরদের নিয়ে ঝটিকা মিছিল করেছে দলটির সহযোগী সংগঠন রিকশা শ্রমিক লীগ। এ সময় ধাওয়া খেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি-ঝাটুরদীয়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের পরিচয়

আটক হওয়া তিন ব্যক্তি হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খিলগাঁও পাতিলসাধুরবাড়ি এলাকার মৃত মরন বেপারির ছেলে বাবু বেপারি (৫৫), শরীয়তপুরের জাজিরা এলাকার সিদ্দিক মাতুব্বরের ছেলে আলাউদ্দিন মাতুব্বর (৪০) এবং ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশামালের হাট এলাকার হোসেন মাঝির ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়ুয়াকান্দি গ্রামটি ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি পালনের জন্য নগরকান্দা এলাকার টিপু নামের এক ব্যক্তি ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ২০-৩০ জন দিনমজুরকে তিন শ টাকার চুক্তিতে ভাড়া করে আনেন। মঙ্গলবার তারা আড়ুয়াকান্দি ও ঝাটুরদিয়া আঞ্চলিক সড়কে তড়িঘড়ি করে একটি মিছিল বের করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এলাকাটি অপরিচিত হওয়ায় পালানোর সময় পথ হারিয়ে ফেলেন ওই দিনমজুরেরা। এর মধ্যে তিনজন ঝাটুরদিয়া মহাসড়কে উঠলে সেখানে টহলরত যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যন্ত এলাকায় রিকশা শ্রমিক লীগের ব্যানারে ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে, টিপু নামের এক ব্যক্তি তাদের ৩০০ টাকার বিনিময়ে ঢাকা থেকে ভাড়া করে এনেছিলেন। মিছিলের সময় ধাওয়া খেয়ে পথ হারিয়ে ফেললে স্থানীয়রা তাদের ধরে পুলিশে দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভাঙ্গার অন্য কোথাও নিষিদ্ধ দলটির কোনো অপতৎপরতার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি।

বিএনপির অবস্থান

এদিকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠন যেন মাঠে কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে, সে জন্য মঙ্গলবার দিনভর ভাঙ্গা উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে সতর্ক অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।