গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষ হত্যা করবে। শনিবার (২০ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নাশকতার ছক
আবু হানিফ বলেন, ২৩ শে জুন নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাশকতার ছক কষছে। ইতোমধ্যে তারা বিভিন্ন জায়গায় ককটেল ফাটিয়ে ঝটিকা মিছিল করছে। এসব মিছিল নিভৃত করতে প্রশাসনের কোনো তৎপরতা নাই। প্রশাসনের নীরবতার কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রশ্নে প্রশাসনের নীরবতার প্রতিবাদে সবাইকে সোচ্চার হতে হবে।
নেতারা এলাকায় ফিরেছে
তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যম সারির নেতারা প্রায় সবাই নিজ নিজ এলাকায় ফিরেছে। এরাই মূলত জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার উপর হামলা করেছিল। এদের প্রায় সবাই বিভিন্ন হত্যা মামলার আসামি। কিন্তু তাদের বিষয়ে প্রশাসন নিশ্চুপ। প্রশাসনে থাকা আওয়ামী দুর্বৃত্তরা এদের সহযোগিতা করছে। আর রাজনৈতিক দল গুলোও কিছু সুবিধার বিনিময়ে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে।
হিংস্র দল আওয়ামী লীগ
তিনি আরও বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ একটা হিংস্র দল, এদের ভেতরে কোনো মানবিকতা বলতে কিছু নাই। জুলাইয়ের গণহত্যা নিয়েও তারা অনুতপ্ত নয় বরং এরা আরও আগ্রাসী হয়ে উঠবে সুযোগ পেলে। এরা সুযোগ পেলে আবারও কয়েক লাখ মানুষকে হত্যা করবে। আওয়ামী লীগ হলো বিষাক্ত সাপের মত। সুযোগ পেলেই ছোবল দিবে।
কোনো আপোষ নয়
নিষিদ্ধ আওয়ামী লীগের প্রশ্নে কোন আপোষ নেই উল্লেখ করে আবু হানিফ বলেন, এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ আমাদের কমন শত্রু। তাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।



