বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের
বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জামায়াত নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, বিএনপি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিএনপি জনগণকে আশাহত করেছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে।

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে আয়োজিত স্থানীয় জামায়াতের ওয়ার্ড পর্যায়ের নেতাদের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মুহাম্মদ তাহের এই মন্তব্য করেন।

দায়িত্বশীলতার ওপর জোর

তিনি বলেন, জামায়াতের নেতা–কর্মীদের সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। দায়িত্বশীলতা, সাহসিকতা, আমানতদারিতা, ত্যাগের মানসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে আপসহীন ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চৌদ্দগ্রামের উন্নয়নে পরিকল্পনা

উন্নয়ন প্রসঙ্গে তাহের বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সুন্দর ও নিরাপদ চৌদ্দগ্রাম গড়ে তুলতে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে তিনি আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত নেতারা

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্মেলনে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার সব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা–কর্মীরা অংশ নেন।