জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) বিকালে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্লাব সদস্য টুটুল শিকদার। পতাকাটি উদ্ধারে পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।
পতাকা চুরির ঘটনা
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করে একটি খুঁটির সঙ্গে টাঙিয়ে দেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পতাকাটি চুরি হয় বলে তারা জানতে পারেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকা না পেয়ে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন টুটুল শিকদার।
সমর্থকের বক্তব্য
টুটুল শিকদার বলেন, “ক্লাবের সদস্যরা সবাই শিক্ষার্থী। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে অথবা বাড়ি থেকে চেয়ে নিয়ে পতাকার জন্য অনেক পরিশ্রম করে টাকা-পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। এ ঘটনায় আমরা কষ্ট পেয়েছি।” পতাকাটি কেউ পেলে তাকে বড় অঙ্কের টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
পুলিশের পদক্ষেপ
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের যুগান্তরকে জানান, “পতাকা চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”



