সেনা-নৌ-বিমান বাহিনীর বঞ্চিত কর্মকর্তাদের জন্য ৭ সদস্যের কমিটি গঠন
সেনা-নৌ-বিমান বাহিনীর বঞ্চিত কর্মকর্তাদের জন্য কমিটি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে চাকরিকালে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়ে অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত (চাকরিচ্যুত) কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রদানে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির গঠন

কমিটির সভাপতি হিসেবে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে রাখা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল, বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শাল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল। এছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

আবেদন প্রক্রিয়া

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরে জমা পড়া আবেদন এবং পূর্বে গঠিত পর্যালোচনা কমিটিতে জমা দেওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করবে এই কমিটি। যারা আগে আবেদন জমা দেননি তারা আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। নবগঠিত এই কমিটি আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক দাখিল করা নথিপত্র ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে সমাধানকল্পে গ্রহণযোগ্য সুপারিশ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সময়সীমা

কমিটিকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এছাড়া ২০ জুলাইয়ের মধ্যে কমিটির সভাপতি ও সদস্যদের নামের তালিকা সেনাসদরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ