কর্মসংস্থান সংকটে আরেক গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি সারজিস আলমের
কর্মসংস্থান সংকটে আরেক গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি

কর্মসংস্থান সংকট, সীমান্ত পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সতর্ক করে বলেছেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে তাদের হাত ধরেই দেশে আরেকটি গণঅভ্যুত্থান হওয়ার ঝুঁকি রয়েছে।

উল্লাপাড়ায় পদযাত্রা ও সমাবেশ

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উল্লাপাড়ার বিজ্ঞান মোড় থেকে একটি বিশাল পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চে এসে শেষ হয়।

বেকারত্ব ও বিএনপির সমালোচনা

বিএনপির নির্বাচনী ইশতেহারে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যদি এই সংকট নিরসন না হয়, তবে পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সীমান্ত পুশ-ইন প্রসঙ্গে কড়া বার্তা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, “বিবেক বিসর্জন দেওয়া মুখ্যমন্ত্রী বলছেন তারা ১০ হাজার পুশ-ইন করেছে এবং আরও হবে। কিন্তু আমরা আমাদের সীমান্তে আর একটিও পুশ-ইন বা হত্যাকাণ্ডের ঘটনা দেখতে চাই না।”

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট প্রসঙ্গে

আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান এনসিপির এই নেতা। তবে একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হয়েছে ঠিকই, কিন্তু যে গণভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসা হয়েছিল তা বাস্তবায়ন না করা মোনাফেকি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির হুঁশিয়ারি

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সরকারি ঘোষণার প্রেক্ষিতে সারজিস আলম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রকার ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না। তিনি বলেন, “বিগত তিনবার যারা ভোট চুরি করেছিল তাদের যে পরিণতি হয়েছিল, এবার নির্বাচন নিয়ে কোনো কারচুপি করলে তাদের অবস্থা তার চেয়েও ভয়াবহ হবে।”

সমাবেশে অন্যান্য বক্তা

সমাবেশে সারজিস আলম ছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য-সচিব সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।