ফুয়েল কার্ড না থাকায় সড়ক অবরোধ মোটরসাইকেল চালকদের
ফুয়েল কার্ড না থাকায় সড়ক অবরোধ মোটরসাইকেল চালকদের

নীলফামারীর সৈয়দপুরে ‘ফুয়েল কার্ড’ ছাড়া জ্বালানি তেল না দেওয়ায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার দুপুরে শহরের ইকু ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ফুয়েল কার্ড নিয়ে সংকট

মোটরসাইকেল চালকরা জানান, ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক চালক এখনও ফুয়েল কার্ড পাননি। কেউ কেউ আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এতে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। তারা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তেল না পাওয়ার ক্ষোভ থেকেই তারা সড়কে নেমেছেন। দ্রুত তেল সরবরাহ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

যানজটে দুর্ভোগ

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের নীতি

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এতে ফুয়েল কার্ড দেখিয়ে পাম্প থেকে গ্রাহককে জ্বালানি তেল সংগ্রহ করতে হয়। জেলায় মোটরসাইকেলের মালিক-চালকদের জন্য এই নীতির বাস্তবায়ন করা হয়েছে। ফুয়েল কার্ড পেতে সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে মোটরসাইকেলের মালিক-চালকদের দীর্ঘ সারি দেখা যায়। তবে এখনও অনেকে কার্ড পাননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণ

ইকু ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুল আলম বলেন, ‘উপজেলা প্রশাসনের লিখিত নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোটরসাইকেল চালকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সাময়িকভাবে কার্ড ছাড়াই তেল সরবরাহের নির্দেশ দেন। এরপর চালকরা অবরোধ তুলে নেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ