যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ার রহস্য
আপনি চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা অর্জন করেছেন। পরীক্ষায় উজ্জ্বল ফলাফল নিয়ে অর্জন করেছেন কাঙ্ক্ষিত ডিগ্রি। নিয়ম মেনে সিভি তৈরি করে একের পর এক প্রতিষ্ঠানে আবেদনও করেছেন। অর্থাৎ সফল হওয়ার জন্য যা যা করা দরকার, তার সবই আপনি ঠিকঠাক করেছেন। কিন্তু তবুও কোথাও থেকে কোনো সাড়া মিলছে না। কেন এমন হচ্ছে? যোগ্যতায় ঘাটতি নেই, তবু কেন নিয়োগকর্তাদের ফোন আসছে না?
নিউইয়র্ক টাইমসের জরিপে উঠে এসেছে সংকটের কারণ
নিউইয়র্ক টাইমসের এক সাম্প্রতিক জরিপে এই সংকটের কিছু কারণ উঠে এসেছে। দেখা গেছে, বর্তমান সময়ের অনেক মেধাবী তরুণ এখন এক অদৃশ্য দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন। পরিশ্রম আর ডিগ্রি থাকা সত্ত্বেও কেন চাকরি মিলছে না, তার কয়েকটি বড় কারণ হলো—
১. কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে আটকে যাচ্ছে আপনার সিভি
বর্তমানে অনেক বড় কোম্পানি মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সিভি বাছাই করে। আপনার সিভি যদি সেই সফটওয়্যারের ছাঁচে না পড়ে, তবে তা শুরুতেই বাদ পড়ে যায়। কোনো মানুষের চোখ পর্যন্ত আপনার আবেদনটি পৌঁছাতেই পারে না। এটিই এখনকার সময়ের অন্যতম বড় বাধা।
২. মেধার চেয়ে পরিচয় যখন বড়
চাকরির বাজারের ব্যবস্থার একটি বড় ত্রুটি হলো ‘রেফারেন্স’। অনেক নিয়োগকর্তা এখন প্রার্থীর ডিগ্রির চেয়ে ব্যক্তিগত পরিচয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। চেনাজানা কেউ না থাকলে শুধু আবেদন করে ইন্টারভিউর ডাক পাওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে।
৩. সনদের চেয়ে অভিজ্ঞতার কদর বেশি
ডিগ্রি আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিতে পারে, কিন্তু চাকরি নিশ্চিত করতে পারে না। নিয়োগকর্তারা এখন এমন প্রার্থী খুঁজছেন, যাঁদের আগে থেকেই কাজের বাস্তব অভিজ্ঞতা আছে। পড়াশোনার ফাঁকে যাঁরা ছোটখাটো কাজ বা ইন্টার্নশিপ করেছেন, তাঁরাই দৌড়ে এগিয়ে থাকছেন।
উত্তরণের পথ কী?
সিস্টেমের ত্রুটি নিয়ে বসে থাকলে চলবে না। বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হবে।
- অভিজ্ঞতা জমান: কেবল জিপিএর পেছনে না ছুটে পড়াশোনার ফাঁকেই ইন্টার্নশিপ বা ছোট কোনো প্রজেক্টে কাজ করুন। এটি আপনাকে ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুত করে তুলবে।
- যোগাযোগ বাড়ান: অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। তাঁদের পরামর্শ আপনার সিভিকে আরও শক্তিশালী করবে।
- অন্যদের থেকে শিখুন: আপনার সমবয়সীরা যারা ভালো জায়গায় চাকরি পাচ্ছে, তাদের কৌশলগুলো খেয়াল করুন। শুধু মেইল পাঠিয়ে উত্তরের অপেক্ষায় বসে থাকবেন না।
চাকরির বাজারে এখন এক অসম লড়াই চলছে। শুধু সনদ বা ডিগ্রি থাকলেই এখন আর চলে না। ডিগ্রির পাশাপাশি যদি কাজের বাস্তব অভিজ্ঞতা ও সঠিক যোগাযোগ দক্ষতা থাকে, তবেই কেবল চাকরির বন্ধ দরজা খোলা সম্ভব।



